২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন ফেইসবুকে

সোশাল নেটওয়ার্ক জায়ান্ট ফেইসবুকে এবার যোগ হয়েছে ভিডিও বিজ্ঞাপন। কিছু নিউজ ফিডে এ বিজ্ঞাপনগুলো কোনো অডিও ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে। ব্যবহারকারী যদি কোনো বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়ে সেটিতে ক্লিক করেন তাহলেই কেবল শোনা যাবে বিজ্ঞাপনের শব্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 04:34 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফেইসবুকের এই ভিডিও বিজ্ঞাপনের বিষয়টির যাবতীয় তথ্য প্রতিষ্ঠানটির ‘ফেইসবুক ফর বিজনেস পেইজ’-এ জানানো হয়েছে।

মোবাইলের মাধ্যমে যারা ফেইসবুক ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে মোবাইলে ভিডিও বিজ্ঞাপন আগেই ডাউনলোড হয়ে যাবে। তবে এ প্রক্রিয়াটিতে কেবল ওয়াই-ফাইয়ের মাধ্যমে যে মোবাইলগুলো ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হবে সেগুলোতেই এ প্রক্রিয়ায় ভিডিও ডাউনলোড এবং প্লে করা হবে বলে নিশ্চিত করেছে ফেইসবুক।

এছাড়াও ফেইসবুক জানিয়েছে, যারা এ রকম ভিডিও দেখতে ইচ্ছুক নন তারা স্ক্রল করে ভিডিওটি এড়িয়ে গেলেই তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

ভিডিও বিজ্ঞাপন প্রসঙ্গে ফেইসবুক বলেছে, “এ ফরম্যাটটি প্রতিটি ভিডিও বিজ্ঞাপন বা যেসব পেইজ এরকম বিজ্ঞাপন পোস্ট করে তাদের সবার জন্য নয়। আমরা এ নতুন প্রক্রিয়াটির মাধ্যমে মানুষ ও বাজারজাতকরণকারীদের সঙ্গে পরিচয় নিশ্চিত করিয়ে দেওয়ার লক্ষ্যে ফেইসবুকে কিছু ব্র্যান্ডকে তাদের কথা বলার সুযোগ করে দেব।”

তবে, এ প্রসঙ্গে গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষক অ্যালিস উডওয়ার্ড জানিয়েছেন, ফেইসবুক খুবই যুক্তিসংগত প্রক্রিয়ায় কাজটি করছে কিন্তু বিষয়টিতে যদি কোনো প্রকার ভুল হয় তাহলে ব্যবহারকারীর আগ্রহ কমে যেতে পারে এবং তারা নতুন কন্টেন্ট পোস্ট করা বন্ধ করে দিতে পারেন।