এবার বাড়ি বিক্রি বিট কয়েনে!
লাস ভেগাস শহরে একটি ক্যাসিনোর মালিক জ্যাক সোমার ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজের বাড়িটি বিক্রি করবেন ৭৮ লাখ ৫০ হাজার ডলারে। তবে এ জন্য ডলার কিংবা ইউরোর পাশাপাশি ভার্চুয়াল মুদ্রাও গ্রহন করবেন বলে জানিয়েছেন ওই বাড়ির মালিক।
এবিসি নিউজ জানিয়েছে, অনলাইন কারেন্সি বিট কয়েনের মাধ্যমেও ওই বাড়ি বিক্রি করতে পারেন জ্যাক সোমার। এ ধরনের ব্যতিক্রমী চিন্তাভাবনা আসে তার দুই ছেলের কাছ থেকে।
২০০৯ সাল থেকে পিয়ার টু পিয়ার ট্রেডিংয়ে বিট কয়েন ব্যবহার শুরু হয়। তখন থেকে অনলাইনে কেনাকাটা বা লেনদেনে বিটকয়েন ভার্চুয়াল মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়। যদিও এ ধরনের মুদ্রা লেনদেনে সরাসরি কোনো সরকারি নিয়ন্ত্রণ নেই। ডলার কিংবা ইউরোর পরিবর্তে অনেক দেশেই বিট কয়েন ভার্চুয়াল মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়।
লাস ভেগাস জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এমন অনেক মানুষ আছেন, যাদের কাছে বিট কয়েন থাকলেও সেগুলো খরচ করার মতো উপযুক্ত জায়গা খুঁজে পাচ্ছেন না।
এদিকে ব্যাংক অব আমেরিকা জানিয়েছে, চলতি মাসে প্রতিটি বিট কয়েনের সর্বোচ্চ মূল্য ছিল এক হাজার তিনশ’ ডলার। যেটা বর্তমান বাজারে এক আউন্স সোনার দামের চেয়েও বেশি। এদিকে শুক্রবারে একটি বিট কয়েনের দাম ছিল আটশ’ সত্তর ডলার।
বিট কয়েনের মূল্য কখনো কমতে পারে আবার কখনো বাড়তে পারে। এতে করে বিশাল অংকের আর্থিক লেনদেনকে ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
