ভাঁজ করা স্মার্টফোন জোয়ারের এখনও দেরি
কোরিয়ায় ইলেকট্রনিক জায়ান্ট এবং মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রনিকসের ভাঁজ করা গ্যালাক্সি স্মার্টফোনের দাম ধরা হয়েছে প্রায় ১ হাজার মার্কিন ডলার। হ্যাঁ, বাঁকানো স্ক্রিনের স্মার্টফোন সায়েন্স ফিকশন সিনেমার পর্দা থেকে দোকানের শেলফে উঠেছে ঠিকই, কিন্তু ওই পর্দা তৈরি করা এখনও একটি চ্যালেঞ্জ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বাঁকানো স্ক্রিনের ব্যবহার বাস্তবে সম্ভব হলেও তা বানানো কষ্টসাধ্য এবং ব্যয়বহুল ব্যাপার। ফলে ওই নবপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কমদামে লাখেরও বেশি স্ক্রিনের নির্মাণে হিমশিম খাচ্ছে স্ক্রিন নির্মাতারা।
বাঁকানো ডিসপ্লের জগতে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় নির্মাতা অ্যাপ্লাইড ম্যাটিরিয়ালের ডিসপ্লে বিজনেস গ্রুপের ম্যাক্স ম্যাকড্যানিয়েলের মতে নতুন প্রযুক্তিযুক্ত মোবাইল বাঁকানো বা ভাঁজ করা গেলেও বাঁকানো স্ক্রিনের ব্যবহার এর আগে আর হয়নি। তার মতে, স্ক্রিন নির্মাণে এখনও কিছু ত্রুটি রয়েই যাচ্ছে।
নতুন প্রযুক্তির মধ্যে উল্লেখযোগ্য হল ওলেড। এটি আসলে নতুন এক স্ক্রিন টেকনোলজি, যাকে অর্গানিক লাইট-ইমিটিং ডায়োডও বলা হয়। এর মাধ্যমে সূক্ষ,তীক্ষ্ণ আর অধিক ক্ষমতাসম্পন্ন স্ক্রিন বানানো সম্ভব।
ম্যাকড্যানিয়েল জানিয়েছেন, ওই উচ্চমূল্যের পেছনে রয়েছে অসফলতার কারণ। সূক্ষ ধূলিকণার উপস্থিতিও প্রযুক্তিটির ব্যবহার ভেস্তে দিতে পারে।
ব্যয়বহুলতা এবং জটিল প্রযুক্তির কারণে এখন পর্যন্ত বাজারে এসেছে মাত্র দুটি বাঁকানো স্ক্রিনের স্মার্টফোন। আর সেগুলো হল স্যামসাংয়ের গ্যালাক্সি রাউন্ড এবং এলজি ইলেকট্রনিক্সের জি ফ্লেক্স।
