২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার স্যামসাংয়ের দেশে অ্যাপলের জয়

ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং এবং টেক জায়ান্ট অ্যাপলের পেটেন্ট মামলায় অ্যাপলের পক্ষে রায় দিয়েছেন দক্ষিণ কোরিয়ার বিচারক। দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট লংঘনের ওই মামলাটি করেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 06:26 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাং দাবি করেছিল অ্যাপল তাদের মোবাইল মেসেজিং প্রযুক্তির তিনটি পেটেন্ট লংঘন করে আইফোন ৪এস ও আইফোন ৫ এ প্রযুক্তিটি ব্যবহার করেছে।

স্যামসাং এর জন্য আদালতের মাধ্যমে ৯৫ হাজার ডলার ক্ষতিপূরণ এবং নিজেদের দেশ দক্ষিণ কোরিয়ায় আইফোনকে নিষিদ্ধ ঘোষণার আবেদন জানিয়েছিল। কিন্তু আদালত অ্যাপলের পক্ষেই রায় দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদেনের তথ্য অনুযায়ী দেশটির আদালত বৃহস্পতিবারে জানিয়েছে, অন্য প্রযুক্তির ভিত্তিতেও অ্যাপল তাদের পণ্য তৈরি করে থাকতে পারে।

আদালতের রায় প্রসঙ্গে স্যামসাং এক বিবৃতিতে জানিয়েছে, তারা আদালতের সিদ্ধান্তে হতাশ। যেহেতু অ্যাপল তাদের মোবাইল প্রযুক্তির পেটেন্ট লংঘন করা শুরু করেছে, সেহেতু তারাও তাদের মেধা সম্পত্তি অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

অন্যদিকে মামলায় বিজয়ী অ্যাপল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আমরা আনন্দিত যে বিশ্বের অন্যান্যদের মতো কোরিয়ান আদালতও বাস্তব উদ্ভাবনের পক্ষে দাঁড়িয়েছে এবং ‘স্যামস্যাংয়ের হাস্যকার দাবি’ প্রত্যাখ্যান করেছে।