২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মলনকফকে পাচ্ছে না মাইক্রোসফট

নতুন সিইও হিসেবে মাইক্রেসফট স্টিভ মলনকফকে বিবেচনা করছে, ব্লুমবার্গ এমন খবর প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই বর্তমান এই সিওও-কে প্রধান নির্বাহী পদে পদোন্নতি দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়্যারলেস প্রযুক্তিপণ্য নির্মাতা কোয়ালকম। ফলে মাইক্রোসফটে যাচ্ছেন না স্টিভ মলনকফ, থাকছেন কোয়ালকমেই।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 06:21 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

বার্তা সংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সালের মার্চ মাস থেকে কোয়ালকমের সিইও হিসেবে দায়িত্বপালন করবেন মলনকফ। আর প্রতিষ্ঠানটির বর্তমান সিইও পল জ্যকবস থাকবেন নির্বাহী চেয়্যারম্যান হিসেবে।

মাইক্রোসফটের পরবর্তী সিইও হওয়ার দৌড়ে স্টিভ মলনকফ এগিয়ে আছেন, ব্যবসা এবং অর্থনীতিবিষয়ক সাইট ব্লুমবার্গ এই খবর জানাতে না জানাতেই এই পদোন্নতি পেলেন তিনি। টানা দুই দশক ধরে কোয়ালকমে কাজ করছেন এই হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। প্রতিষ্ঠানটির কাছে তার গুরুত্ব কতটুকু সেটাই যেন প্রমাণ হয়ে গেল এই ঘটনা থেকে।

মলনকফ বাদ পড়ায় মাইক্রোসফটের সিইও হওয়ার দৌড়ে এগিয়ে থাকা হাই-প্রোফাইল নামগুলোর মধ্যে থাকল সাবেক মাইক্রোসফট কর্মকর্তা এবং বর্তমান নোকিয়া সিইও স্টিফেন এলোপ এবং ফোর্ড সিইও অ্যালান মুলালি।

তবে ফোর্ড দাবি করেছে, ২০১৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির সঙ্গে থাকবেন মুলালি। তবে সিএএন জানিয়েছে, ফোর্ডের দাবি সত্ত্বেও মাইক্রোসফট সিইও হওয়ার দৌড়ে এগিয়েই আছেন তিনি। আর ২০১৩ সাল শেষ হওয়ার আগেই সিইও-এর নাম ঘোষণা করতে চায় মাইক্রোসফট।