২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিপণ দাবি করছে ম্যালওয়ার লকার

সাইবার অপরাধীরা ছড়িয়ে দিয়েছে ভিন্নধর্মী এক ম্যালওয়্যার প্রোগ্রাম। ম্যালওয়্যারটি কম্পিউটারের প্রয়োজনীয় ফাইলগুলোকে এনক্রিপ্ট করে নিয়ে ফাইলগুলো ডিলিট করে দেয় এবং কম্পিউটার ব্যবহারকারীর কাছে প্রয়োজনীয় ফাইলগুলো আবার রিস্টোর করে দেওয়ার জন্য মুক্তপণ দাবি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 06:01 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠান ইন্টেলক্রলার আবিষ্কার করেছে ম্যালওয়্যারটির নাম লকার এবং এটি ফাইল রিস্টোর করে দেওয়ার জন্য ১৫০ ডলার মুক্তিপণ দাবি করে।

এমপিথ্রি ফাইলের বেশে এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেই ম্যালওয়ারটি কম্পিউটারে প্রবেশ করে। লকার ম্যালওয়্যারটি এনক্রিপ্ট এবং ডিলিটের কাজ শেষে কম্পিউটারে একটি ইউনিক আইডি এবং লকারের নির্মাতার সঙ্গে কীভাবে যোগাযোগ করতে হবে সে সংক্রান্ত একটি ফাইল রেখে দেয়। মুক্তিপণ পরিশোধ করলে এনক্রিপ্ট ফাইলকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ব্যবহারকারীকে একটি ‘কি’ দেওয়া হয়।

ইন্টেলক্রলারের দেয়া তথ্য অনুযায়ী, লকারের পেছনে যে সাইবার অপরাধীরা রয়েছেন তারা ক্রিপ্টোলকারের সাফল্যকে অনুকরণ করার চেষ্টা করছেন। ক্রিপ্টোলকারও এরকমই একটি ম্যালওয়ার। এ বছর হাজারো মানুষ ম্যালওয়ারটির ঝামেলার শিকার হয়েছিল।

তবে ইন্টেলক্রলার জানিয়েছে, ক্রিপ্টোলকারের চেয়ে লকার কম ক্ষমতাসম্পন্ন। আর তাই এটিকে আরও সহজে নিষ্ক্রিয় করা সম্ভব। প্রতিষ্ঠানটির বিশ্লেষক আন্দ্রে কোমারভ জানিয়েছেন, ভুক্তভোগীদের সাহায্য করার জন্য তাদের গবেষকরা ইউনিভার্সাল ডিক্রেপশন সফটওয়্যার নিয়ে কাজ করছেন।