২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফটের নতুন সিইও হার্ডওয়্যার এক্সপার্ট

অগাস্ট মাসে স্টিভ বলমার অবসরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই মাইক্রোসফটের পরবর্তী সিইও কে হবেন তা নিয়ে প্রযুক্তিজগতে চলছে নানা জল্পনা-কল্পনা। মার্কিন সফটওয়্যার জায়ান্টের সম্ভাব্য সিইও-র তালিকায় এবার যোগ হয়েছে ওয়্যারলেস প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার স্টিভ মলেনকফের নাম।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 05:34 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

ব্যবসা এবং অর্থনীতিবিষয়ক সাইট ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, মাইক্রোসফটের সিইও পদে মলেনকফ যোগ দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির ইতিহাসে শুরু হতে পারে নতুন এক অধ্যায়। তিনিই হতে পারেন সফটওয়্যার জায়ান্টটির প্রথম সিইও, যিনি বিল গেটসের মতো প্রোগ্রামার বা স্টিভ বলমারের বহুমুখী শিক্ষাসম্পন্ন ব্যবসায়ী নন, বরং একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার।

টানা দুই দশক ধরে কোয়ালকমে কাজ করছেন মলেনকফ। কোয়ালকম বিভিন্ন শীর্ষস্থানীয় পণ্য নির্মাণ করায়, বিভিন্ন প্রযুক্তি পণ্য নির্মাণ এবং বাজারজাতকরণ উভয় ক্ষেত্রেই অভিজ্ঞতা আছে মলেনকফের।

মাইক্রোসফটের সম্ভ্যাব্য সিইও-এর তালিকায় আরও আছেন, সাবেক মাইক্রোসফট এক্সিকিউটিভ স্টিফেন এলোপ, ফোর্ড সিইও অ্যালান মুলেলি, মাইক্রোসফট এন্টারপ্রাইজ এবং ক্লাউড সেবার দায়িত্বে থাকা সাত্যা নাদেলা এবং সাবেক স্কাইপ সিইও টরি বেটস।