২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থুলতা কমাতে উচ্চ প্রযুক্তির সেন্সর

স্থুলতা কমাতে সাহায্য করবে উচ্চ প্রযুক্তির সেন্সর। সেন্সরগুলো পরিমাপ করবে যে পরিমাণ খাদ্য গ্রহণ করা হচ্ছে তা স্থুলতা বৃদ্ধি করবে কিনা এবং স্থুলতা কমাতে ব্যবস্থা নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 05:11 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এ সেন্সরের উন্নয়ন কাজের জন্য আর্থিক অনুদান দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। সেন্সরগুলো খাদ্যাভাস নিয়ন্ত্রণ ও শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।

পরিকল্পনা অনুযায়ী, খাদ্য গ্রহণকারী কতটা দ্রুত খাদ্য গ্রহণ করছে সে বিষয়টি লক্ষ করবে একটি সেন্সর। কারণ দ্রুত খাবার খাওয়ার সময় খাবার ভালোমতো চিবানো হয় না, আর এতে স্থুলতা বৃদ্ধি পায়। অন্যদিকে অপর সেন্সরটি পোর্টেবল কম্পিউটার বা স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত একটি স্কেল গঠন করবে। তারপর সে স্কেলের মধ্যে খাবার ভর্তি প্লেট রাখা হবে এবং খাওয়ার বিষয়টি রেকর্ড হতে থাকবে। যদি খাবার খুব দ্রুত খাওয়া হতে থাকে তাহলে সঙ্গে সঙ্গেই আওয়াজের মাধ্যমে খাদ্য গ্রহণকারীকে সতর্ক করে দেওয়া হবে।

সুইস প্রতিষ্ঠান সিএসএমই আরও দুটি সেন্সর তৈরি করছে প্রকল্পটির জন্য। এর মধ্যে ‘অ্যাক্টিস্মাইল’ নামের একটি পরিধেয় সেন্সর থাকবে যা পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করলে পরিশ্রমকারীকে হাসিমুখ দেখাবে। অন্য সেন্সরটিও পরিধেয় হবে, সেটি খাদ্য গ্রহণকারী খাবার কতটুকু চিবিয়ে খাচ্ছে তা মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড করবে।

প্রকল্পটি প্রসঙ্গে এর কো-অর্ডিনেটর গ্রিসের অ্যারিস্টটল ইউনিভার্সিটি অফ থেসালোনিকির অধ্যাপক আনাস্টাসিওস ডেলোপোলোস জানিয়েছেন, তাদের প্রধান লক্ষ্য হচ্ছে ব্যক্তির ব্যক্তিগত পন্থায় কাজ সংক্রান্ত আচরণ ও খাদ্যাভাস সংশোধন করা।