নতুন ট্যাবলেট ‘জি প্যাড ৮.৩’
অ্যান্ড্রয়েড ট্যাবলেটপ্রেমীদের জন্য আরও সুযোগ-সুবিধাসম্পন্ন ট্যাবলেট নিয়ে এসেছে ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা এলজি। এলজি নির্মিত নতুন এ ট্যাবলেটটির নাম ‘জি প্যাড ৮.৩।
এক প্রতিবেদনে মার্কিন সাময়িকী টাইম জানিয়েছে, নেক্সাস ৭ ট্যাবলেটে যে সীমাবদ্ধতাগুলো ছিল তা জি প্যাড ৮.৩ ট্যাবলেটটিতে নেই।
গুগল প্লে সংস্করণের জি প্যাড ৮.৩-এ অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪। আর ৮.৩ ইঞ্চি স্ক্রিনের এ ট্যাবলেটটির রেজুলিউশন ১৯২০ বাই ১২০০ পিক্সেল।
ট্যাবলেটটিতে রয়েছে দুই গিগাবাইট র্যাম এবং ১.৭ গিগাহার্টজ ক্ষমতাসম্পন্ন কোয়াড-কোর প্রসেসর। ইন্টার্নাল স্টোরেজ ১৬ গিগাবাইট হলেও থাকছে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ। এছাড়াও ট্যাবলেটটির কেসিং তৈরিতে প্লাস্টিকের বদলে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম।
০.৭৫ পাউন্ড ওজনের জি প্যাড ৮.৩ ট্যাবলেটটি বর্তমানে গুগলের অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে।
তবে গুগল জানিয়েছে, ৩৫০ ডলার মূল্যের এ ট্যাবলেটটি দু-একদিনের মধ্যেই বাজারে ছাড়া হবে।
