২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানচিত্রে ঢাকার ক্রাইম জোন

অভিনব এক অ্যাপ্লিকেশনের খবর জানিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের বাংলাদেশ অফিস। প্রতিষ্ঠানটি ঢাকা শহরের অপরাধপ্রবন এলাকাগুলো চিহ্নিত করে একটি গাইডম্যাপ তৈরি করেছে। ওই ম্যাপযুক্ত অ্যপ্লিকেশনটি উইন্ডোজ স্মার্টফোনে ব্যবহার করা যাবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 12:05 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

মাইক্রোসফট বাংলাদেশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্রাইম ম্যাপস ঢাকা’ বা অপরাধ মানচিত্র ঢাকা নামের অ্যাপটি তৈরি করেছেন মাইক্রোসফট বাংলাদেশের টেক. ইভ্যাঞ্জেলিস্ট তানজিম সাকিব।

এটি ব্যবহার করে একজন ব্যবহারকারী তার আশপাশের এলাকায় গত জুলাই থেকে অক্টোবরে ঘটে যাওয়া অপরাধগুলো দেখতে পাবেন- বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) থেকে প্রাপ্ত তথ্যাবলী দিয়ে খুন, অপহরণ, ছিনতাই প্রভৃতি অভিযোগ/মামলাকৃত অপরাধ ঢাকার একটি মানচিত্রে চিত্রায়িত হয়ে যায় বলে দাবি করা হয়েছে।

“এটি ঢাকাবাসীকে অপরাধপ্রবণ এলাকায় সাবধানতা অবলম্বন করতে এবং কোনো বিশেষ এলাকায় ভ্রমণ-সতর্কতা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে।”

অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড বা আইওএস প্ল্যাটফর্মে ভবিষ্যতে পাওয়া যাবে কি না সে বিষয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।