২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোনভিত্তিক পাওয়ার প্ল্যান্ট!

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান নিউ ওয়েভ এনার্জি মানুষবিহীন ড্রোন নেটওয়ার্কের মাধ্যমে পাওয়ার প্ল্যান্ট তৈরির পরিকল্পনা করছে। এ প্রক্রিয়ায় উড়ন্ত ড্রোন বিভিন্ন উৎস থেকে শক্তি সংগ্রহ করে পৃথিবীতে অবস্থিত স্টেশনে পাঠাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 03:17 PM

Updated : 26 Jul 2022, 03:06 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট গিজম্যাগ জানিয়েছে, প্রযুক্তিটির স্বত্ব বর্তমানে অনির্ধারিত অবস্থায় রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী ড্রোন নেটওয়ার্ক সৌর এবং বায়বীয় শক্তি সংগ্রহ করবে। শক্তি সংগ্রহের জন্য স্থিতিশীল আবহাওয়া পেতে ও অন্যান্য আকাশযান এড়াতে ৫০ হাজার ফুট উঁচুতে কাজ করবে ড্রোন এমনটাই জানিয়েছে গিজম্যাগ।

এ কাজে নিয়োজিত প্রতিটি ড্রোন হবে ২০ বাই ২০ মিটার এবং মোট রোটর থাকবে চারটি। এ ছাড়াও এতে বেশ কয়েকটি উইন্ড টারবাইন ও সৌরশক্তি সংগ্রহের জন্য সমতল ভূমি থাকবে। সংগ্রৃহিত শক্তির সাহায্যেই ড্রোনগুলো চলবে এবং ৫০ কিলোওয়াট শক্তি পৃথিবীতে পাঠানোর জন্য মজুদকৃত অবস্থায় রাখবে।

এ পরিকল্পনা বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মাইকেল বারডেট বলেছেন, “এ প্রক্রিয়াটি বাস্তবায়ন করলে তা প্রচলিত প্রক্রিয়ায় কোনো বাঁধা সৃষ্টি করবে না।” প্রথমদিকে ড্রোনগুলোকে আটলান্টিক, ভারত ও প্রশান্ত মহাসাগরে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।