ফ্ল্যাশলাইট অ্যাপের ডেটা কারচুপি
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) জানিয়েছে, অনুমতি ছাড়াই প্রায় এক কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা ব্যবহার করেছে এক ডেভলপার প্রতিষ্ঠান।
এক প্রতিবেদনে এফটিসির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গোল্ডেনশোর্স টেকনলজিস তাদের ব্রাইটেস্ট ফ্ল্যাশলাইট অ্যাপের মাধ্যমে লক্ষাধিক ব্যবহারকারীর আইডি এবং লোকেশন ডেটা সংগ্রহ করে তা অ্যাড নেটওয়ার্কের সঙ্গে শেয়ার করেছে।
কিন্ত এ ডেটা শেয়ার বিষয়ে তারা ব্যবহারকারীদের কিছুই জানায়নি। অভিযোগ মীমাংসার জন্য প্রতিষ্ঠানটি ব্যবহারকারী নিজেদের ব্যক্তিগত ডেটার উপর আরও নিয়ন্ত্রণ দিতে একটি মীমাংসা চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে ব্যবহারকারীরা জানতে পারবেন তাদের ডেটা ঠিক কী কাজে ব্যবহৃত হচ্ছে।
এ প্রসঙ্গে গ্রাহক নিরাপত্তা সংক্রান্ত এফটিসি ব্যুরোর পরিচালক জেসিকা রিচ এক বিবৃতিতে জানিয়েছেন, যখন গ্রাহকদের তথ্যসমৃদ্ধভাবে নির্বাচনের সুযোগ দেওয়া হবে তখন তারাই সিদ্ধান্ত নিতে পারবেন সেবাটি আসলেই তথ্য শেয়ারের উপযুক্ত কি না।
মীমাংসা চুক্তি অনুযায়ী, আগে অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের যে ডেটা সংগ্রহ করা হয়েছিল সেগুলো মুছে ফেলতে হবে প্রতিষ্ঠানটির।
