পাঁচশ’ কোটি মোবাইল ট্র্যাক করে এনএসএ
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) প্রতিদিন প্রায় পাঁচশ’ কোটি মোবাইল ফোনের লোকেশন রেকর্ড করে থাকে। সর্বশেষ হিসেব অনুসারে বিশ্বে প্রায় সাড়ে ছয়শ’ কোটি মোবাইল ফোন ব্যবহৃত হচ্ছে। সেই হিসেবে প্রতি চারটি মোবাইল ফোনের মধ্যে তিনটিই মার্কিন গোয়েন্দারা ট্র্যাক করছেন। হয়তো আপনার গতিবিধিও রয়েছে মার্কিন ডেটাবেইজে ।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পৃথক ব্যক্তিদের চিহ্নিত করতে এবং তাদের পরিচিতদের ভিত্তিতে ম্যাপ তৈরি করতে এনএসএ ডেটাগুলো সংগ্রহ করে যা এজেন্সিটির ‘সন্ত্রাস দমনে’ সাহায্য করে।
তবে এনএসএ-এর এই ‘ড্র্যাগনেট সার্ভেইলেন্স’-এর নিন্দা করেছে ডিজিটাল রাইটস গ্রুপ। এজেন্সির গুপ্তচরবৃত্তির হাত থেকে নিজেদের এবং গ্রাহকদের রক্ষার্থে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের আরও বেশি এনক্রিপশন ব্যবহারের পরিকল্পনা করার পরই মোবাইল ফোনের ডেটা সংগ্রহের খবরটি প্রকাশিত হয়েছে। অন্যদিকে এনএসএ-এর সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিতে জানা গেছে এজেন্সিটির কাছে এ সংক্রান্ত প্রায় 27 টেরাবাইট ডেটা রয়েছে।
মাইক্রোসফটের আইন উপদেষ্টা এ প্রসঙ্গে জানিয়েছেন, সরকারের গুপ্তচরবৃত্তি এখন কম্পিউটার ভাইরাস বা অন্যান্য সাইবার-আক্রমনের মতোই একটি নিরাপত্তা সমস্যা।
আমেরিকান সিভিল রাইটস ইউনিয়নের মতে এনএসএ-এর ‘ড্র্যাগনেট সার্ভেইলেন্স’ যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গ করছে। বিদেশি এবং আমেরিকান নাগরিকদের গোপনীয়তা রক্ষা এ প্রতিশ্রুতির একটি অংশ।
