এবার পাচারকারীর হাতিয়ার ড্রোন!
কেবল সামরিক আক্রমণ নয়, মানবিক কাজেও ড্রোন ব্যবহার সম্ভব এমনটা যখন প্রমাণের চেষ্টা চলছে, তখন বসে নেই অপরাধীরাও।
দূর নিয়ন্ত্রিত হেলিকপ্টার ব্যবহার করে জর্জিয়ার একটি জেলখানায় নিষিদ্ধ দ্রব্য পাচার করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় আইন শৃঙ্ক্ষলা রক্ষাবাহিনী ড্রোনসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কারারক্ষীরা যন্ত্রটিকে জেলখানার উপর দিয়ে ওড়ার সময় পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ পাচারকারীদের গ্রেপ্তার করে।
এর আগে কানাডার কুইবেক রাজ্যের কারাগারের উপর দিয়ে রোববার একটি ড্রোন উড়তে দেখা যায়। তবে কারারক্ষীরা এর বিস্তারিত উদ্ধার করতে ব্যর্থ হন। এ ঘটনার পর কারা অফিসারদের ইউনিয়ন কারাগারের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছে।
জর্জিয়ায় ক্যালন রাজ্য কারাগারের উপর দিয়ে ড্রোনটি উড়ার সময় কারারক্ষীরা পুলিশকে খবর দিলে তারা সে এলাকায় তল্লাশি শুরু করে। তল্লাশির পর পুলিশ সে এলাকায় একটি গাড়ির ভেতর ছয় পাখার রিমোট কন্ট্রোলড হেলিকপ্টার, কিছু সিগারেট ও মোবাইল ফোন জব্দ করে। সেখান থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
কারাগারে অবৈধ জিনিস পাঠানোর চেষ্টার অভিযোগে অভিযুক্তদের ২০ বছর পর্যন্ত জেল হতে পারে বলে জানিয়েছে বিবিসি।
স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার প্রধান জস হিলটন বলেন, “এটা একটা বিরল ঘটনা। আমি এখানে কখনও হেলিকপ্টার দেখিনি।
