পরচুলা বানাবে সনি
পরিধানযোগ্য প্রযুক্তির দৌড়ে নতুন মাত্রা এনে স্মার্টউইগের পেটেন্ট আবেদন করেছে ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা সনি। এটি সাধারণ চুলের পাশাপাশি পরচুলা হিসেবে মাথায় ব্যবহার করা যাবে। স্মার্টউইগে থাকছে ভিডিও ক্যামেরা ও সেন্সর।
এ বিষয়ে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, স্মার্টউইগ পরিধানযোগ্য অন্যান্য প্রযুক্তির মতো ব্যবহার করা যাবে। এর সঙ্গে স্মার্টফোন বা বিভিন্ন গ্যাজেট সংযুক্ত করে ডেটা প্রসেসিংয়ের কাজও করা যাবে।
এছাড়া স্মার্টউইগ ব্যবহারকারীকে রাস্তায় পথ দেখাতে সহায়তা করবে। ব্যবহারকারীর রক্তচাপের খবরও জানাবে নতুন ওই ডিভাইস।
গুগল ও স্যামসাং পরিধানযোগ্য ডিভাইস তৈরি করলেও জাপানের ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা সনির এ পণ্যটিতে বাড়তি কিছু সেবা থাকবে। এটা স্মার্ট গ্লাস কিংবা স্মার্টফোনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হবে বলে জানিয়েছে সনি।
সনি জানিয়েছে, স্মার্টউইগ তৈরিতে ঘোড়ার লেজের চুল, মানুষের চুল, পশম, পাখির পালক, মহিষের চুল বা যে কোনো ধরনের কৃত্রিম উপাদান ব্যবহার করা হতে পারে। এতে ছোট আকৃতির ভিডিও ক্যামেরা বা সেন্সর থাকতে পারে বলে জানা গেছে।
আগামী দুই বছরের মধ্যে পরিধানযোগ্য ডিভাইস ফ্যাশন আইটেম হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে জানিয়েছেন, কনসাল্টিং ফার্ম ফ্রস্ট অ্যান্ড সালিভানের বিশ্লেষক অ্যান্ড্রু মিলরয়।
