২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের বানান ‘বিভ্রাটে’ তোলপাড়

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রবল প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের একটি ‘কথিত’ বিজ্ঞাপনে তোলপাড় শুরু হয়েছে সোশাল মিডিয়ায়। প্রতিষ্ঠানটির সম্ভাব্য বা ইচ্ছাকৃত বানান ভুলের কারণে বিলবোর্ডের একটি ছবি ফেইসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ভাইরাসের মতো ছড়াচ্ছে!

হাসান বিপুল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 12:33 PM

Updated : 25 Apr 2022, 07:35 PM

ফ্রান্সে স্যামাংয়ের একটি বিলবোর্ডের ছবি থেকে ওই সোশাল মিডিয়া ভাইরাসের সূত্রপাত বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ভারতীয় সাইট আইবিএন লাইভ।

বহুলব্যবহৃত ‘দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড’ নীতিবাক্যটিকে স্যামসাং বিজ্ঞাপনে খানিকটা পাল্টে নিয়েছে নিজেদের প্রবর্তিত ‘এস পেন’-এর প্রচারণার স্বার্থে। এস পেন নামের টাচস্ক্রিন স্টাইলাস ব্যবহৃত হচ্ছে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্মার্টফোন এবং ট্যাবলেটে। কথিত বিজ্ঞাপনে স্যামসাংয়ের পাল্টে দেওয়া বাক্যটি হচ্ছে-- "The pen is mightier than the finger|"

আলোচিত ওই বিলবোর্ডে দেখা গেছে ‘পেন’ ও ‘ইজ’ শব্দদুটির মধ্যে কোনো স্পেস রাখা হয়নি। বাক্যে বাড়তি একটি কমা বসিয়ে ‘কিম্ভুত অর্থ প্রকাশ করা হয়েছে’ বলে মন্তব্য করেছে আইবিএন লাইভ।

যারা স্যামসাং এবং অ্যাপলের প্রযুক্তিবাজার দখলের লড়াই সম্পর্কে খোঁজখবর রাখেন, তারা সহজেই বিদ্রুপটি ধরতে পারবেন। কারণ অ্যাপল ডিভাইসে কোনো স্টাইলাস ব্যবহৃত হয় না, ব্যবহার করতে হয় আঙুল।

আইবিএন লাইভের প্রতিবেদনে বলা হয়েছে, ফেইসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ব্যাপকসংখ্যক শেয়ার হওয়া ছবিটি ‘ফটোশপড’ বা ছবি এডিটিং সফটওয়্যারের সাহায্যে তৈরি কি না সেটি নিশ্চিৎ হওয়া সম্ভব হয়নি। ওই পরিবর্তনটি কোনো অনিচ্ছাকৃত ভুল নাকি পরিকল্পিত, সে বিষয়েও স্যামসাংয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।