২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধলাখ কম্পিউটার নেট হ্যাকিং

গতবছর বিশ্বজুড়ে ৫০ হাজারেরও বেশি কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করেছিল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)। মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা গোপন তথ্যে জানা গেছে, হ্যাকড কম্পিউটারগুলো থেকে সংবেদনশীল খবর সংগ্রহের জন্য সেগুলোতে বিভিন্ন ম্যালওয়্যার ইনস্টল করে দিত এনএসএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 05:22 PM

Updated : 26 Jul 2022, 03:06 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ২০১২ ভার্সনের পাওয়ারপয়েন্টের একটি স্লাইড ডাচ সংবাদপত্র এনআরসি হ্যান্ডেলসব্ল্যাড-এ প্রকাশিত হয়েছে। প্রকাশিত নথিতে বিশ্বের একটি মানচিত্রে বিভিন্ন দেশে সংক্রমিত ম্যালওয়্যারের চিত্র দেখা যায়।

সংবাদপত্রটি জানিয়েছে, এনএসএর শীর্ষস্থানীয় হ্যাকার দল টেইলর্ড অ্যাক্সেস অপারেশনস ইউনিট, বেলজিয়ান টেলিযোগাযোগ কোম্পানি বেল্গাকমের বিরুদ্ধে একটি আক্রমণ করে। কিন্তু আক্রমণের খবরটি এনএসএ আগেই ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ইউকে গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়ার্টাস-এর কাছে রিপোর্ট করেছিল।

একবার ম্যালওয়্যার নেটওয়ার্কে প্রবেশ করাতে পারলেই এনএসএ-র হ্যাকাররা ইচ্ছেমতো বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারত। ডাচ সংবাদপত্রে এ ব্যবস্থা সম্পর্কে বলা হয়, “ইমপ্ল্যান্টগুলো ডিজিটাল ‘স্লিপার সেল’-এর মতো কাজ করে। চাপের ফলে যেকোনো একটি বাটন কাজ করার মতোই চলতে পারে এগুলো।”

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত অন্য আরেকটি খবরে জানা গেছে, স্নোডেন অন্য আরও একটি ডকুমেন্ট ফাঁস করে দিয়েছেন। ওই ডকুমেন্টটিতে এনএসএ বর্তমানে সংকেত গুপ্তচরবৃত্তির স্বর্ণযুগে অবস্থান করছে বলে দাবি করেছে।