২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ ভাষায় কথা বলবে রোবট

মানুষের সঙ্গে বন্ধুত্ব করানোর উদ্দেশ্যে এমন রোবট নির্মাণ করা হচ্ছে যেটি ১৯ ভাষায় কথাবার্তা বলতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 05:33 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ফ্রান্সের প্যারিসভিত্তিক রোবটিক কোম্পানি আলদিবারান রোবটটি নির্মাণের দায়িত্ব নিয়েছে। আর ভাষা-শেখানোর সফটওয়্যার বানানোর দায়িত্বে রয়েছে ভয়েস-টেকনোলজি কোম্পানি নুয়ান্স।

রোবটটির কণ্ঠস্বর তার চেহারার মতো বড়সড় নয়। এটি হাঁটতে পারে। পড়ে গেলে নিজেকে তুলতেও পারে। আর পারে বারবার অনুশীলনের মাধ্যমে নিজের ভাষার দক্ষতা বাড়াতে।

আলদিবারান প্রকল্পের জনসংযোগ বিভাগের প্রধান মেরিন ফাব্রিয়া জানিয়েছেন, রোবটটি মানুষের সঙ্গে বাড়িতেই থাকবে।

“যে কেউ চাইলেই এ রোবটের সঙ্গে বিভিন্ন কথা বলতে পারবে, একে বাচ্চাদের গল্প শোনাতেও বলা যাবে।”-- বলেছেন তিনি।

নুয়ান্সের ভাইস-প্রেসিডেন্ট এবং অটোমোটিভসের জেনারেল ম্যানেজার আর্ন্ড উয়িল বলেছেন, “মানুষের কথা বলার জন্য অন্য কাউকে প্রয়োজন হয়। অনেকেরই পোষা জন্তু অথবা কুকুর বা কিছু একটা থাকে। আর এটি মানুষকে ব্যস্ত রাখার নতুন এক উপায়।”

রোবটগুলো আগামী বছরে বাজারে আসবে বলে জানিয়েছে ম্যাশএবল।