বিটকয়েনের দাম বেড়েছে
অন্যান্য অনলাইন-পেমেন্ট পদ্ধতির মতোই একই ধরনের সুবিধা ও অসুবিধা আছে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনে। যুক্তরাষ্ট্রের সিনেটে এক শুনানিতে এমন বিষয় উঠে আসার পর বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়ে প্রায় ৯০০ ডলারে পৌঁছেছে।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, অক্টোবর মাসের পর প্রায় তিনগুণ বেড়ে গেছে মুদ্রাটির মূল্য।
বিটকয়েনের সুবিধা-অসুবিধা এবং নিরাপত্তা সম্পর্কে অনুসন্ধান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্টাল অ্যাফেয়ার্স কমিটি।
বিটকয়েনের তথ্য প্রদানকারী ওয়েবসাইট বিটকয়েনচার্টস-এর তথ্য মোতাবেক এখন পর্যন্ত ১ কোটি ২০ লাখ বিটকয়েন মুদ্রা তৈরি হয়েছে। বিভিন্ন দেশের মুদ্রার তুলনায় বিটকয়েন লেনদেন এখনও কম। তবে ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে অনলাইন লেনদেনে মুদ্রাটির জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে।
