আইটি সেবা দেবে বিআইটিএস
ব্র্যাক ব্যাংক লিমিটেডের পঞ্চম অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করল ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড (বিআইটিএস)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআইটিএস জানিয়েছে, প্রতিষ্ঠানটির আওতায় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, এনজিও ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি সেবা দেওয়া হবে।
প্রতিষ্ঠানটির সেবার মধ্যে রয়েছে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, এডিসি সিস্টেম ম্যানেজমেন্ট, ডেটা সেন্টার মনিটরিং সার্ভিসেস, ক্লাউড সার্ভিসেস, ব্র্যাক অফিস সলিউশন ডেপ্লয়মেন্ট, সিস্টেম ইন্টিগ্রেশন, কনসালটেন্সি সার্ভিস, স্কুল ম্যানেজমেন্ট সলিউশন, এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম, ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম ও ইআরপি।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে বিআইটিএস-এর কার্যক্রম উদ্বোধন করেন।
“বিআইটিএস দক্ষ ও পেশাদার কর্মীবাহিনীর মাধ্যমে আইটিসম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান করে প্রাতিষ্ঠানিক কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”-- উদ্বোধনী অনুষ্ঠানে বলেন বিআইটিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা নওয়েদ ইকবাল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিআইটিএসের চেয়ারম্যান মোহাম্মদ এ. (রুমী) আলী, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, বিআইটিএস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নওয়েদ ইকবাল উপস্থিত ছিলেন।
