২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু পর্নোগ্রাফি বন্ধে গুগল-মাইক্রোসফট

ওয়েবে শিশু পর্নোগ্রাফি প্রচার বন্ধে জোট বাঁধছে দুই মার্কিন টেক জায়ান্ট গুগল ও মাইক্রোসফট। শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত কন্টেন্ট ব্লক করতে সার্চ ইজ্ঞিনের অ্যালগরিদমে পরিবর্তন আনতে একযোগে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 08:32 AM

Updated : 25 Apr 2022, 07:33 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়েবে শিশু পর্নোগ্রাফির সার্চ করতে যে ‘সার্চ টার্ম’ ব্যবহৃত হয়, সেগুলো চিহ্নিত করার জন্য কাজ করছে মাইক্রোসফট এবং গুগল।

প্রকল্পের আওতায় আগামী ছয় মাসের মধ্যে ইংরেজিসহ ১৫০টি ভাষায় ওই সার্চ টার্মগুলো চিহ্নিত করার পর সার্চ অ্যালগরিদমে পরিবর্তন এনে সেগুলো ব্লক করে দেওয়া হবে।

এ বিষয়ে গুগলের চেয়্যারম্যান এরিক স্মিড ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি সানে লেখা এক কলামে জানিয়েছেন, নতুন সার্চ প্রযুক্তিটি দাঁড় করাতে ২০০ কর্মী তিন মাসেরও বেশী সময় ধরে কাজ করছেন। আর এর পেছনে মাইক্রোসফটের বড় অবদান রয়েছে বলেও জানিয়েছেন স্মিড।

ওয়েবে শিশু পর্নোগ্রাফি ঠেকাতে দীর্ঘদিন ধরে কাজ করছে গুগল এবং মাইক্রোসফট। দুটি প্রতিষ্ঠানই এতোদিন আলাদাভাবে কাজ করলেও এই প্রথমবারের মতো জোট বাঁধছে। অন্যদিকে শিশু পর্নোগ্রাফি ভিডিও চিহ্নিত করে সাইট থেকে ডিলিট করার নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে শীর্ষ ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবও।