২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদ্যুতিক গাড়ির রেসিং ‘ফর্মুলা ই’

অবশেষে রেসিং ট্র্যাকে নামছে বৈদ্যুতিক গাড়ি। বিদ্যুৎচালিত গতিদানবদের জন্য নতুন ‘ফর্মুলা ই’ চ্যাম্পিয়নশিপ চালু করছে আন্তর্জাতিক অটোমোবাইল রেসিং ফেডারেশন, ‘ইন্টারন্যাশনাল অটোমোবাইল ফেডারেশন’। ২০১৪ সালে বিশ্বের প্রথম ‘ফর্মুলা ই’ রেসিংয়ে চ্যাম্পিয়শিপের আয়োজক হিসেবে থাকবে লন্ডন।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 02:26 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

বিবিসি জানিয়েছে, প্রথম ‘ফর্মুলা ই’ চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে লন্ডন, রোম, মায়ামি, বেইজিং এবং রিও ডি জেনিরোসহ পৃথিবীর মোট ১০টি দেশের ট্র্যাকে নামবে বিদ্যুৎচালিত রেসিং গাড়িগুলো।

এই মুহূর্তে রেসিং সার্কিটগুলোর ডিজাইন নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ‘ফর্মুলা ই’ প্রধান নির্বাহী আলেহান্দ্রো আগাগ। তিনি বলেন, “ফর্মুলা ই নিয়ে পৃথিবীর বিভিন্ন শহর যে আগ্রহ দেখিয়েছে তা দূষণমুক্ত পরিবেশ গড়ার এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহারের আন্তর্জাতিক প্রতিশ্রুতির জন্য সত্যিই ইতিবাচক।”

ফর্মুলা ই নিয়ে সাধুবাদ জানিয়ে লন্ডনের মেয়র বরিস জনসন বলেন, “জিরো এমিশন ওয়ার্ল্ড ক্লাস মোটর রেসিং খুবই আকর্ষণীয় এক ভাবনা। গাড়ি নির্মাতারা যে নতুন ইলেকট্রিক গাড়িগুলো বানাচ্ছে সেগুলো সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করবে। পাশাপাশি এই রেস লন্ডনের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।”