উড়ুক্কু পোশাকে লেডি গাগা
পশ্চিমা পপ সংগীতশিল্পী লেডি গাগা গানের পাশাপাশি তার ব্যতিক্রমধর্মী পোশাকের জন্যও বেশ সমালোচিত। কখনও তাকে দেখা গেছে, মাংসের তৈরি পোশাক পড়তে আবার কখনও তিনি পড়েছেন ব্যাঙের ছাতার মতো দেখতে পোশাক।
তবে এবার তার পোশাকের সংগ্রহে অন্তর্ভুক্ত হল নতুন মাত্রা । ভলান্টিস নামের উড়ুক্কু পোশাক তৈরি করিয়েছেন তিনি।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, রবিবারে গাগা তার এ নতুন পোশাকটি সবার সামনে নিয়ে আসেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আর্ট রেভ ইভেন্টে তিনি পোশাকটি পরে হাজির হন।
গাগার এ উড়ুক্কু পোশাকটি চলে ৫০ ভোল্টের বেশ কয়েকটি ব্যাটারির মাধ্যমে। আর্ট রেভে তিনি পোশাকটি পরে উড়ন্ত অবস্থায় ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে যান। সম্পূর্ণ সাদা রংয়ের পোশাকটিতে মোট সাতটি অংশ রয়েছে। একটি আধুনিক অংশ গাগাকে ঘিরে রাখে আর বাকি ছয়টি অংশ তাকে বাতাসে ভেসে থাকতে সাহায্য করে। পোশাকটি পড়ার সময় তিনি হেলমেট ব্যবহার করেছেন বলেও জানা গেছে। পোশাকটি তৈরি করেছে তারই প্রযুক্তি বিভাগ টেকহস।
বছরের প্রথম দিকে এ সংগীতশিল্পী তার নতুন গানের অ্যালবাম ছাড়ার জন্য আর্টপপ নামের একটি অ্যাপ তৈরির পরিকল্পনা করছেন বলে জানিয়েছিলেন। গাগার পরবর্তী অ্যালবাম সোমবারে বাজারে আসছে।
