অ্যাওয়ার্ড জিতল টাইটান আর্ম
ব্যাটারি চালিত রোবোটিক হাত ‘টাইটান আর্ম’ জিতে নিয়েছে ২০১৩ সালের জেমস ডাইসন অ্যাওয়ার্ড। জেমস ডাইসন ফাউন্ডেশন সমস্যা সমাধানমূলক আবিষ্কারে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে প্রতিবছর বিশ্বের ১৮টি দেশের জন্য প্রতিযোগিতাটির আয়োজন করে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চার শিক্ষার্থী এ যান্ত্রিক হাতটি তৈরি করেছেন।
এ রকম হাত তৈরির পেছনে তাদের মূল উদ্দেশ্য ছিল, পিঠের ব্যথায় ভোগা মানুষদের পেশির উপর নিয়ন্ত্রণ ফেরাতে সাহায্য করা। এ ছাড়াও হাতটি ব্যবহার করে কাজের অংশ হিসেবে মানুষ সহজেই ভারী জিনিস তুলতে পারবে। নির্মাতারা জানিয়েছেন, হাতটি তৈরি করতে তাদের আট মাস সময় লেগেছে।
এ প্রসঙ্গে ডাইসনের প্রতিষ্ঠাতা স্যার জেমস ডাইসন বলেছেন, “টাইটান আর্ম অবশ্যই অনন্য একটি ডিজাইন। দলটির আধুনিক, দ্রুত এবং তুলনামুলকভাবে কম খরচের উৎপাদন প্রক্রিয়া একে আকর্ষণীয় করে তুলেছে।”
অন্যদিকে নির্মাতাদলের একজন ২৩ বছর বয়সী নিক প্যারোটা বলেছেন, “আমরা বেশ আনন্দিত। বিষয়টি সম্পূর্ণই অপ্রত্যাশিত ছিল-- এটি অবিশ্বাস্য”।
পুরস্কার বাবদ উদ্ভাবকরা ৩০ হাজার ইউরো সম্মানীও পেয়েছেন। এ সম্মানী নির্মাতারা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন বলে জানিয়েছেন।
টাইটান আর্ম মানুষের হাতে ১৮ কেজি বেশি ভার বহনের শক্তি জোগাতে সক্ষম। রোবোটিক এ হাতটি প্রসঙ্গে প্যারোটা জানিয়েছেন, বর্তমান নমুনাটি ভিন্ন ভিন্ন জয়স্টিকের মাধ্যম নিয়ন্ত্রিত হয়। কিন্তু এর পরবর্তী সংস্করণে ইলেট্রোমিগ্রাফি প্রযুক্তি ব্যবহার করা হতে পারে, যা মানুষের পেশীর টিসুর ইলেকট্রিক সিগনাল ধরতে পারবে। ফলে ব্যবহারকারীরা তেমন চিন্তা না করেই এটি চালাতে পারবেন।
টাইটান আর্ম তৈরিতে মোট খরচ হয়েছে ১ হাজার ২০০ ইউরো। প্যারোটা জানিয়েছেন, তারা সাশ্রয়ী মূল্যে টাইটান আর্ম তৈরি করতে চান।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সবাই তাদের প্রকল্প নির্মাণের খরচ কমাতে থ্রিডি প্রিন্টিংয়ের সাহায্য নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
