শরীরেই নজরদারি চিপ
হাতের ত্বকের নিচে আস্ত স্মার্টফোনের সমান একটি ‘সারক্যাডিয়া ১.০’ কম্পিউটার চিপ ঢুকিয়ে দিয়েছেন বায়োহ্যাকার টিম ক্যানন। তার এ অভিনব ও বিপজ্জনক কাজের উদ্দেশ্য, নিজের শরীরের উপর সাইবার নজরদারি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, স্যারকাডিয়া ১.০ চিপটি চামড়ার নিচে প্রতিস্থাপনের উপযোগী করতে ক্যানন ও হ্যাকার সহযোগীদের সময় লেগেছে প্রায় ১৮ মাস।
কম্পিউটার চিপটি ব্লুটুথ সংযোগের মাধ্যমে হাতের অ্যান্ড্রয়েড ডিভাইসে পৌঁছে দেবে শারীরবৃত্তিক কার্যাবলীর বিভিন্ন তথ্য।
ক্যানন সারক্যাডিয়া ১.০ সম্পর্কে বলেন ‘ডিভাইসটি যদি আমার জ্বর আসার পূর্বাভাষ পায়, তবে সঙ্গে সঙ্গেই একটা টেক্সট মেসেজ দিয়ে জানিয়ে দিতে পারে আমাকে। জ্বরের কারণ খুঁজে বের করতেও সাহায্য করবে ডিভাইসটি।’
এই প্রযুক্তির ব্যাপক ব্যবহারের জন্য চিকিৎসাবিদ এবং যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে এখনও প্রয়োজনীয় অনুমতি পাননি ক্যানন। এ কারণে ডিভাইসটি প্রতিস্থাপনের সময় তিনি সাহায্য পাননি চিকিৎসকের। ফলে বডি মডিফিকেশন আর্টিস্টদের সাহায্যে অ্যানেসথেসিয়া ছাড়াই চিপটি চামড়ার নিচে বসাতে হয়েছে তাকে।
আগামী কয়েক মাসের মধ্যেই এটি বাণিজ্যিকভাবে বিক্রি সম্ভব হবে বলে আশা করছেন ক্যানন। প্রাথমিকভাবে ডিভাইসটির দাম ৫০০ ডলার হতে পারে বলে জানিয়েছেন তিনি। পরবর্তী সংস্করণে যন্ত্রটি আকারে ছোট হতে পারে বলেও জানান তিনি।
তবে ডিভাইসটি কেনার পরও বাকি রয়ে যায় প্রতিস্থাপনের কাজ। চিকিৎসাবিদ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না থাকায় এ জন্য আগ্রহী বায়োহ্যাকারদের সাহায্য নিতে হবে এ কাজে। ক্যাননের চিপ প্রতিস্থাপনকারী স্টিভ হ্যাওর্থ জানিয়েছেন তার কাছে পুরো প্রক্রিয়াটির জন্য খরচ পড়বে ২০০ ডলার।
