২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রিট ভিউয়ের ব্যাখ্যা চেয়েছে ব্রাজিল

ব্রাজিলে ইন্টারনেট জায়ান্ট গুগলের স্ট্রিট ভিউ প্রোগ্রামের গাড়ির মাধ্যমে বিভিন্ন স্থাপনার ছবি তুলতে গিয়ে ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে তথ্য চুরির অভিযোগ উঠেছে। এ নিয়ে গুগলের কাছে ব্যাখ্যা চেয়েছে ব্রাজিলের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 06:07 PM

Updated : 25 Apr 2022, 07:30 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, আদালতের নির্ধারিত সময়ের মধ্যে গুগল স্ট্রিট ভিউ গাড়ি সম্পর্কে ব্যাখ্যা না করলে, পরবর্তী প্রতিদিনের জন্য ৪৫ হাজার ডলার জরিমানা দিতে হবে গুগলকে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপে একই অপরাধে গুগলের স্ট্রিট ভিউ প্রোগ্রামকে জরিমানা করা হয়। অভিযোগে বলা হয়েছে, স্ট্রিট ভিউ গাড়ি ছবি তোলার সময় প্রোগ্রামের মাধ্যমে নিকটবর্তী স্থানের বিভিন্ন সার্ভার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে। এর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীদের ইমেইল, পাসওয়ার্ড ও ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ তথ্যও রয়েছে।

ব্রাজিলিয়ান ইন্সটিটিউট অফ কম্পিউটার পলিসি অ্যান্ড রাইটস আদালতে এ বিষয়টি নিয়ে মামলা করলে আদালত এ নির্দেশনা জারি করেন।

এর আগে একই অপরাধে যুক্তরাষ্ট্রে ৭০ লাখ ডলার জরিমানা পরিশোধে রাজি হয়েছে গুগল। এছাড়া জার্মানিতে গুগলকে জরিমানা করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ইউরো।