২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশাল অংকের বিটকয়েন চুরি

ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন সংরক্ষণের জন্য অনলাইন ‘ওয়ালেট সার্ভিস’ ব্যবহারকারী একজন ব্যক্তি দাবি করেছেন, তার সাইট থেকে ১০ লক্ষাধিক অস্ট্রেলিয়ান ডলার মূল্যমানের বিটকয়েন চুরি করেছেন হ্যাকাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 03:23 PM

Updated : 25 Apr 2022, 07:30 PM

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওই ব্যক্তির দাবি অনুযায়ী দুটি ভিন্ন আক্রমণের মাধ্যমে তার সাইট থেকে ৪ হাজার ১০০ বিটকয়েন হাতিয়ে নেওয়া হয়েছে। অনলাইনে পরিচয় হিসেবে তিনি ট্রেডফোর্ট্রসে নাম ব্যবহার করেন।

এ প্রসঙ্গে ট্রেডফোর্ট্রসে জানিয়েছেন, তিনি পুলিশের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ করবেন না, কারণ ভার্চুয়ালি বিটকয়েন লেনদেন অনুসন্ধান করা অসম্ভব। তার এ সিদ্ধান্তে কিছু বিটকয়েন ব্যবহারকারী সন্দেহ করছেন, এটি কোনো অভ্যন্তরীণ কাজ কি না। তবে এবিসি রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে অভিযোগকারী জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

অস্ট্রেলিয়ার দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা চুরি করেছেন ২৬ অক্টোবর, কিন্তু বিটকয়েন ব্যবহারকারীরা এ সম্পর্কে সতর্কবার্তা পেয়েছেন এ সপ্তাহে। সতর্কবার্তাটি ট্রেডফোর্ট্রসেই ওয়ালেট সার্ভিসের সাইটে পোস্ট করেছেন।

ইন্টারনেট সংযুক্ত ডিভাইসে বিটকয়েন সংরক্ষণ না করার জন্য অনুরোধও করেছেন ট্রেডফোর্ট্রসে-- এমনটাই জানিয়েছে বিবিসি।