২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়েরও চাই ৬৪-বিট মোবাইল চিপ

প্রতিদ্বন্দ্বী অ্যাপলের পদাঙ্ক অনুসরণ করে স্মার্টফোনের ব্যবহার উপযোগী ৬৪-বিটের নিজস্ব মোবাইল চিপ বানাচ্ছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। ৬৪-বিটরে দুটি চিপ বানাবে স্যামসাং। একটি হবে এআরএমের ডিজাইন অনুসরণ করে, আর দ্বিতীয়টি স্যামসাংয়ের নিজস্ব ভার্সন।

আব্দুল্লাহ জায়েদ

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 06:29 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সিউলে আয়োজিত এক অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিক্সের প্রেসিডেন্ট অফ সিস্টেম এলএসআই স্টিফেন উ ৬৪-বিটের প্রসেসর চিপ বানাবার খবর নিশ্চিত করেন। উ জানিয়েছেন, ৬৪-বিটের চিপের মধ্যে একটি এআরএমের ডিজাইন অনুকরণে বানাবে স্যামসাং। আর এআরএমের ওই ডিজাইনটিতেই নিজেদের চাহিদা ও প্রয়োজন মতো পরিবর্তন এনে বানানো হবে স্যামসাংয়ের নিজস্ব ব্যবহারের ৬৪-বিটের দ্বিতীয় চিপটি।

মজার ব্যাপার হচ্ছে অ্যাপল আইফোন ৫এসে যে ৬৪-বিটের এ৭ চিপ ব্যবহার করেছে সেটার ডিজাইনটিও অ্যাপল করেছে এআরএমের ডিজাইন অনুকরণে এবং সেটি তৈরিও হয়েছে স্যমসাংয়ের ফ্যাক্টরিতেই। স্মার্টফোনে প্রথমবারের মতো ৬৪-বিটের চিপ ব্যবহার করার পর ব্যবহারকারী আর সমালোচক উভয়ের কাছ থেকেই সাধুবাদ পেয়েছে অ্যাপল।

স্যামসাংয়ের ৬৪-বিটের চিপ ব্যবহার করে তৈরি ডিভাইস কবে নাগাদ বাজারে আসবে সে ব্যাপারে পরিষ্কার কিছু বলেননি উ। তবে প্রতিটি নতুন প্রযুক্তির ক্ষেত্রে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি সবসময়ই অ্যাপলের পদাঙ্ক অণুসরণ করে বলে যে মতবাদটি আছে তার স্বপক্ষে যেন আরও আরেকটি প্রমাণ স্যামসাংয়ের ৬৪-বিট চিপ বানাবার ঘোষণা।