২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েব থেকে রাজপথে অ্যানোনিমাস

‘মানবতা রক্ষার’ দাবিতে যে আন্দোলনের শুরুটা হয়েছিল ওয়েবে, সেই আন্দোলন নিয়ে এবার রাজপথে নেমেছে হ্যাকারদের আন্তর্জাতিক সংগঠন অ্যানোনিমাস। মঙ্গলবার অ্যানোনিমাসের ‘মিলিয়ন মাস্ক মার্চ’-এ অংশগ্রহণের ডাকে সাড়া দিয়ে বিশ্বের ৪৫০টি শহরে অ্যানোনিমাস সমর্থকরা রাজপথে নেমেছিলেন সাদা মুখোশ পরে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 08:53 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা থেকে আমস্টারডাম হয়ে মুম্বাই পর্যন্ত বিশ্বের মোট ৪৫০টি শহরের রাজপথে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান অ্যানোনিমাস সমর্থকরা। প্রতিবাদ প্রদর্শনের সময় কোনো রকম সহিংসতা সহ্য করা হবে না বলে আগে থেকেই সমর্থকদের জানিয়ে দিয়েছিল অ্যানোনিমাস।

নিজেদের ফেইসবুক পেইজে অ্যানোনিমাস জানিয়েছে, রাজপথে মুখোশ পরে প্রতিবাদ জানানোর মূল লক্ষ্য ছিল ‘সাধারণ মানুষকে মনে করিয়ে দেওয়া আসল শত্রুটি কে? কোটিপতি যাদের মালিকানায় রয়েছে ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান, দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, যারা কিনা সাধারণ মানুষকে দমিয়ে রাখছে অবিচার আর অন্যায় দিয়ে।’

অ্যানোনিমাসের প্রতিবাদ চলাকালীন যুক্তরাষ্ট্রের ডেনভারে একটি দালান ভাংচুরের খবর ছড়িয়ে পড়লে বিচ্ছিন্ন কিছু গ্রেফতারের ঘটনা ঘটে। এ ছাড়া বিশ্বব্যাপী অ্যানোনিমাসের ‘মিলিয়ন মাস্ক মার্চ’ প্রতিবাদ হয়েছে শান্তিপূর্ণভাবেই।

সাম্প্রতিক সময়ে পশ্চিমা শক্তির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যানোনিমাস। হ্যাকারদের সংগঠনটি সাধারণত প্রতিবাদ জানানোর মাধ্যম হিসেবে হ্যাকিং এবং ডিডিওএস আক্রমণ বেছে নিলেও ক্রমশ সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া সমর্থন বাড়ছে সংগঠনটির প্রতি।