২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলের দুই তরী নিয়ে রহস্য

সার্চ জায়ান্ট গুগলের দুটো তরী ঘিরে ক্রমশ রহস্যের সৃষ্টি হচ্ছে। এখনও জানা যায়নি প্রতিষ্ঠানটি এ তরীদুটো ঠিক কী কাজে ব্যবহার করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 04:18 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তরীদুটোর একটি বর্তমানে স্যান ফ্রান্সিসকোর ট্রেজার আইল্যান্ড ম্যারিনায় নোঙ্গর করা অবস্থায় রয়েছে। চারতলাবিশিষ্ট তরীদুটো সম্পর্কে গুগল কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ফলে এ নিয়ে অনলাইনে নানা গুজব ছড়াচ্ছে।

অনেকেই একে গুগলের ভাসমান ডেটা সেন্টার বলে সন্দেহ করছেন। ২০০৯ সাল থেকেই ভাসমান ডেটা সেন্টার বিষয়ে গুগলের পেটেন্ট রয়েছে।

এ প্রসঙ্গে ডেটা সেন্টার প্রোভাইডর টেলিহাউসের নিক লাইজেল বলেছেন, “ভাসমান ডেটা সেন্টারের ধারণাটি যথেষ্টই কৌত‚হলউদ্দীপক। যে কোনো ডেটা সেন্টারের বড় খরচ হচ্ছে সেটিকে ঠাণ্ডা রাখা, তাই হয়তোবা তারা চেষ্টা করছে পানির মাধ্যমে এর সুবিধা নিতে।”

তবে তিনি এটিও জানিয়েছেন, যে কোনো ডেটা সেন্টারের জন্য পানি বেশ বড় একটি ঝুঁকি। কারণ এটি যন্ত্রপাতির ক্ষতির কারণ হতে পারে।

বন্দরের প্রধান নির্বাহী জানিয়েছেন, গত কয়েক মাসে গুগলের কর্মকর্তাদের সঙ্গে তাদের কয়েকবার আলোচনা হয়েছে। কর্মকর্তারা এ বিষয়ে তেমন কিছুই জানাননি। তবে তারা যখন তরীর বিষয়ে তাদের পরিকল্পনা জানাবেন তখন বন্দর কর্তৃপক্ষ চিন্তা করে দেখবে সেটা অনুমোদনযোগ্য কি না।

কাগজ অনুযায়ী, নথিতে ব্যাখ্যা করা হয়নি তরীদুটো কী কাজে ব্যবহার করা হবে। তবে নিউ ইয়র্ক থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বন্দরে এটি পরিচালনা করার পরিকল্পনার বিস্তারিত বিবরণ রয়েছে সেটিতে।