ডিসপ্লেতে আইপ্যাড টপকালো কিন্ডল
প্রযুক্তি বাজারে মাতামাতি চলছে নতুন আইপ্যাড এয়ার নিয়ে। একের পর এক সমালোচকের তারিফ আর বিক্রির হিসেবে আইপ্যাড ৪-এর তুলনায় ৫ গুণ বেশি জনপ্রিয় হলেও, ডিসপ্লেমেট টেকনোলজি বলছে ভিন্ন কথা। ডিসপ্লে পারফর্মেন্স আর স্থায়িত্বের দিক থেকে নতুন আইপ্যাডকে টেক্কা দিয়ে দিয়েছে অ্যামাজনের কিন্ডল ফায়ার।
বিভিন্ন প্রযুক্তি পণ্যের ডিসপ্লের পারফর্মেন্স রিভিউ করাই ডিসপ্লেমেটের কাজ। আর প্রতিষ্ঠানের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বাজারে আইপ্যাড এয়ারের জয়জয়কার চললেও অন্তত ডিসপ্লের হিসেবে অ্যাপলের নতুন ট্যাবলেটটির চেয়ে এগিয়ে আছে অ্যামাজনের কিন্ডল ফায়ার এইচডিএক্স ৮.৯।
প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, কিন্ডল ফায়ার এইচডিএক্স ৮.৯, অ্যাপলের নতুন আইপ্যাড এয়ার আর গুগলের নেক্সাস ১০ এই তিনটি ট্যাবলেটের ডিসপ্লের মধ্যে সবচেয়ে টেকসই কোনটি আর পারফর্মেন্সের দিক থেকেই বা সেরা ডিসপ্লে কোন ট্যাবলেটের তা নির্ধারণ করতে পরীক্ষা চালিয়েছিল ডিসপ্লেমেট। সোমবারে প্রকাশিত পরীক্ষার ফলাফল অনুযায়ী ডিসপ্লে হিসেবে আইপ্যাডকে টেক্কা দিয়ে সেরা কিন্ডল ফায়ার এইচডিএক্স ৮.৯।
ডিসপ্লের উজ্জলতা, আলোর প্রতিফলন, লাইট কনট্রাস্ট আর একদম সঠিক রং প্রদর্শনের দিক থেকে আইপ্যাড এয়ারকে টপকে গেছে কিন্ডল ফায়ার এইচডিএক্স ৮.৯। বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকেও আইপ্যাড এয়ার এবং নেক্সাস ১০-এর থেকে এগিয়ে আছে ফায়ার এইচডিএক্স ৮.৯।
তবে তার মানে এই নয় যে আইপ্যাড এয়ারের ডিসপ্লেটি নি¤œমানের। ডিসপ্লেমেটের মতে বেশিরভাগ ব্যবহাকারীর হাতে থাকা ডিভাইসের ডিসপ্লের তুলনায় উচ্চপ্রযুক্তির এবং উন্নত মানের ডিসপ্লে রয়েছে আইপ্যাড এয়ার এবং কিন্ডল ফায়ার এইচডিএক্স দুটি ট্যাবলেটেই।
ফায়ার এবং এয়ার দুটি ট্যাবলেটের ডিসপ্লে নির্মাণে ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কেও জানিয়েছে ডিসপ্লেমেট। কিন্ডল ফায়ার এইচডিএক্স ৮.৯-এ আছে লো টেম্পারেচার পলি সিলিকন (এলটিপিএস) এলসিডি ডিসপ্লে। অন্যদিকে আইপ্যাড এয়ারে আছে আইজিজেডও মেটাল অক্সাইড এলসিডি ডিসপ্লে।
