যুক্তরাষ্ট্রের হাইপারসনিক রোবট স্পাই প্লেন
সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাইপারসনিক রোবট স্পাই প্লেন তৈরি করার পরিকল্পনার কথা প্রকাশিত হয়েছে। নতুন এ প্লেনটি হবে যুক্তরাষ্ট্রের আগের সুপারসনিক প্লেন ব্ল্যাকবার্ড এসআর-৭১ এর পরবর্তী সংস্করণ।
সংবাদমাধ্যমে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, লকহিড মার্টিন নতুন এ সুপারসনিক প্লেনটি নিয়ে কাজ শুরু করেছে।
মানুষবিহীন এ সুপারসনিক প্লেনটির নাম দেওয়া হয়েছে এসআর-৭২। এসআর-৭১-এর মতো এস আর-৭২-এর ডিজাইনও হবে উচ্চমাত্রার নজরদারির ক্ষমতাসম্পন্ন। তবে উপরন্তু এতে আঘাত হানার মতো অস্ত্রও থাকতে পারে। এসআর-৭২-এর ইঞ্জিন হবে টার্বাইন এবং একটি র্যামজেটের সম্মিলিত রূপ যা এটিকে সর্বোচ্চ গতি ম্যাক ৬-এ নিয়ে যেতে পারবে। এর সর্বোচ্চ গতি হবে প্রতি ঘণ্টায় তিন হাজার ছয়শ’ মাইল বা প্রতি ঘণ্টায় পাঁচ হাজার আটশ’ কিলোমিটার।
এক ব্লগ পোস্টে লকহিড মার্টিন জানিয়েছে, এটি ম্যাক ৬ গতিতে নিউইয়র্ক থেকে লন্ডনে এক ঘণ্টারও কম সময়ে পৌঁছাতে পারবে। এর গতি এতটাই দ্রুত হবে যে প্রতিপক্ষ পাল্টা আক্রমণ বা লুকানোর মতো সময়ও পাবে না। ২০৩০ সালের মধ্যেই প্লেনটি কাজে প্রয়োগ করার মতো উপযোগী হয়ে উঠবে।
