পত্রিকায় ‘এনএসএ’ গুপ্তচরবৃত্তির বিস্তারিত
যুক্তরাষ্ট্রের দৈনিক নিউ ইয়র্ক টাইমস এবং ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেওয়া ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) নথির বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এনএসএ শত্রু রাষ্ট্র ছাড়াও নিয়মিত বন্ধু রাষ্ট্রের উপর সাইবার গুপ্তচরবৃত্তি করে।
এনএসএর হ্যাকিংয়ের জন্য টেইলরড অ্যাকসেস অপারেশনস অ্যান্ড দ্য ট্রান্সগ্রেশন (টিএও) নামে আলাদা একটি বিভাগ রয়েছে। টিএও বিভিন্ন দেশের কম্পিউটারে অনধিকার প্রবেশ করে ডেটা সংগ্রহ করে। আবার অনেক সময় তারা এমন গুপ্তচর সফটওয়্যার ইনস্টল করে, যা ওই কম্পিউটারের ডেটা এনএসএর কাছে পাঠাতে থাকে।
শুধু সন্ত্রাসী আক্রমণ ঠেকাতে নয়, বিভিন্ন কূটনৈতিক ও অর্থনৈতিক সুবিধা পাওয়ার জন্যও এনএসএ সাইবার গুপ্তচরবৃত্তি করেছে এবং করছে।
সামরিক বাহিনীকে যুদ্ধক্ষেত্রে সাহায্যের জন্যও এনএসএর সাইবার গুপ্তচরবৃত্তির নজির পাওয়া গেছে। এ ছাড়াও বিভিন্ন দেশের রাজনীতি, মাদক, ধর্ম ইত্যাদি বিষয় নিয়ে যেসব পরিস্থিতি সৃষ্টি হয়, তাও সাইবার গুপ্তচরবৃত্তির মাধ্যমে নজরদারিতে রাখে এনএসএ।
