বদলে যাচ্ছে টুইটার
মাইক্রোব্লগিং সাইট টুইটার নিজেদের সাইটটিকে আরও আকর্ষণীয় করার উদ্যোগ নিয়েছে। এখন থেকে টুইটারে ১৪০ অক্ষরের টুইটের পাশাপাশি ছবিও দেখা যাবে।
সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, টুইটারের টাইমলাইনে ছবি এবং ভিডিও সরাসরি দেখার জন্য সাইটটির ডিজাইনেও পরিবর্তন আনা হয়েছে।
সাইটটিতে আগেও টুইটার ব্যবহারকারীরা ছবি বা ভিডিও দেখতে পারতেন। কিন্তু সে জন্য তাদের টুইটে ক্লিক করতে হত। কিন্তু টুইটারের সাম্প্রতিক এ পরিবর্তনের কারণে এখন তারা সরাসরি সাইটটিতেই ছবি বা ভিডিও দেখতে পারবেন।
এ প্রসঙ্গে টুইটারের ভাইস প্রেসিডেন্ট অফ প্রোডাক্ট মাইকেল সিপে এক ব্লগ পোস্টে বলেছেন, “টুইটগুলো আপনারদের ফলোয়ারের আরও কাছে নিয়ে আসবে। ফলোয়াররা জানতে পারবেন, কী হচ্ছে এবং অনুভব করবেন তারা আপনার সঙ্গে রয়েছেন।”
নতুন এ পরিবর্তনে টুইটারের কনটেন্ট শেয়ারের বেসিক মেকানিকস প্রভাবিত হবে না। এটি শুধু সাইটটি ব্যবহারের অনুভূতিতে পরিবর্তন আনবে বলেই জানিয়েছে রয়টার্স।
তবে টুইটারের সাম্প্রতিক এ পরিবর্তন সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বেশ কয়েকজন প্রযুক্তি বিশেষজ্ঞ এবং পুরনো ব্যবহারকারী। অনেকে এমনটিও বলেছেন যে, এ পরিবর্তনের কারণে নতুন ব্যবহারকারীরা বিভ্রান্ত হতে পারেন।
