মাইক্রোসফট বাংলাদেশে ইন্টার্নশিপ
সফটওয়ার জায়ান্ট মাইক্রোসফট বাংলাদেশে প্রথমবারের মতো অ্যাপ প্রস্তুতকারী শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাইক্রোসফট জানিয়েছে, কম্পিউটার বিজ্ঞান বা সমতুল্য পর্যায়ের বাংলাদেশি শিক্ষার্থীদের উইন্ডোজ ফোন এবং উইন্ডোজ ৮-এর জন্য নিরীক্ষামূলক অ্যাপ তৈরির অভিজ্ঞতা দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ব্যাপারে টেকনিক্যাল ইভাঞ্জেলিস্ট তানজিম সাকীব বলেন, “সফটওয়্যার একটি জটিল ও সংবেদনশীল শিল্প এবং মাইক্রোসফট এই শিল্পের অত্যন্ত দ্রুতগতির খেলোয়াড়। উইন্ডোজ ফোন ও উইন্ডোজ ৮-- উদ্ভাবনী সমাধান তৈরিতে এসব আধুনিক প্ল্যাটফর্মের স্বাদ স্থানীয় কারিগরি শিক্ষার্থীদের দেওয়ার জন্যই ইন্টার্নশিপের সুযোগ তৈরি করা হয়েছে। কিছু নির্বাচিত দেশীয় বিষয়ের আন্তর্জাতিকমানের সমাধান অ্যাপের মাধ্যমে তৈরিই এই কার্যক্রমের মূল লক্ষ্য।”
মাইক্রোসফট বাংলাদেশে বেশ কয়েক বছর ধরেই কারিগরি শিক্ষার্থীদের বিনামূল্যে সফটওয়্যার এবং প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়া ইমাজিন কাপের মতো আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা স্থানীয়ভাবে আয়োজনও করে প্রতিষ্ঠানটি।
আবেদনের বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে- http://aka.ms/intern
