সুখ মাপতে হ্যাপি ব্যারোমিটার
আপনি কতটুকু সুখী, তা জানাতে হ্যাপি ব্যারোমিটার নামে একটি অ্যাপ্লিকেশন বানিয়েছে লেমন ল্যাবস।
এক প্রতিবেদন ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, অ্যাপটি ব্যবহারকারীর মুখ স্ক্যান করার পর জানাবে, তিনি কতটুকু সুখী।
আইওএস ডিভাইসের জন্য অ্যাপ্লিকেশনটি অ্যাপলের অ্যাপ স্টোরে রাখা হয়েছে। অ্যাপটি ব্যবহারকারীর মুড কেমন তা দেখে মানসিক অবস্থা বিশ্লেষণ করবে।
অ্যাপটি দিয়ে যে কেউ নিজের বা বন্ধুদের ছবির মাধ্যমে রেটিং করতে পারবেন, আসলে কে কেমন আছেন। এ জন্য এক থেকে দশ পর্যন্ত রেটিং দেখাবে অ্যাপটি।
আবহাওয়ার পূর্বাভাসে রোদ বৃষ্টির মতোই অ্যাপটি ফলাফল দেখাবে। মন যখন খুবই খুশি থাকবে তখন রেটিং হবে ইতিবাচক। মন খারাপ হলে রেটিং হবে নেতিবাচক। এ ছাড়া দিনের কতটুকু সময় কে কেমন ছিলেন তা পর্যালোচনা করা যাবে। প্রতি ঘণ্টার মুড কেমন ছিল, তার আপডেট শেয়ার করা যাবে সোশাল মিডিয়ায়।
এ ছাড়াও অ্যাপটি দিয়ে বিশ্বের ১২৩টি দেশের মধ্যে সবচেয়ে সুখী ও অসুখী শহরের তালিকা জানা যাবে। অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
