২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাইভারবিহীন গাড়িই নিরাপদ

ইন্টারনেট জায়ান্ট গুগলের স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম প্রিয়াস এবং লেক্সাস মডেলের পরিবর্তিত গাড়ি দুটি মানুষের তুলনায় নিরাপদ ও মসৃণভাবে গাড়ি চালাতে পারে বলে দাবি করেছেন গুগলের স্বয়ংক্রিয় গাড়ি প্রকল্পের প্রধান ক্রিস আর্মসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 05:58 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে,  শুক্রবার আয়োজিত এক রোবটিক সম্মেলনে আর্মসন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং নেভাডার ব্যস্ত সড়কে কয়েক লাখ মাইল পাড়ি দেওয়া গাড়ি দুটির ফলাফল প্রকাশ করেন।

“আমাদের গাড়িগুলো যে কোনো দক্ষ ড্রাইভারের তুলনায় দারুণ চালাচ্ছে,” বলেছেন আর্মসন।

এসব স্বয়ংক্রিয় গাড়ির কর্মকাণ্ড বোঝানোর জন্য তিনি এক ড্যাশবোর্ড ডিসপ্লের ব্যবস্থা করেন। গাড়ি না চালিয়ে এই কাজে নিযুক্ত ব্যক্তি এখন অন্য কাজও করতে পারবে বলে মন্তব্য করেন আর্মসন।

স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালনায় প্রচলিত আইন বাধার সৃষ্টি করতে পারে এমন ধারণাকে মিথ্যে বলে বাতিল করে দিয়েছেন আর্মসন। এ ক্ষেত্রে তিনি ক্যালিফোর্নিয়া, নেভাডা আর ফ্লোরিডায় আইনে এ গাড়ির পরীক্ষামূলক চলার বিধান সংযুক্তির কথা উল্লেখ করেন।

এছাড়া উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে দুর্ঘটনার মতো পরিস্থিতিতে গাড়ির সমস্ত তথ্য এতে পাওয়া যাবে। এতে করে আর প্রত্যক্ষদর্শীর সাহায্যের দরকার হবে না বলে জানিয়েছেন আর্মসন।