শিশুদের স্মার্টফোনপ্রীতি বাড়ছে
দুই বছরের কম বয়সী প্রতি পাঁচজনে দুজন শিশু ট্যাবলেট কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করে।
এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টফোন শিশুদের শিক্ষামূলক কাজে ব্যবহার করা যেতে পারে। অন্যথায় এসব প্রযুক্তি শিশুদের জন্য বেবি সিটার ছাড়া বাড়তি কোনো ফল বয়ে আনবে না বলে জানিয়েছেন গবেষকরা।
সম্প্রতি এ নিয়ে এক গবেষণায় দেখা গেছে, যেসব শিশু এখনও স্পষ্টভাবে কথা বলতে পারে না, তাদের অনেকেই ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহার করছে।
ফ্যামেলি অ্যাডভোকেসি সংগঠন ‘কমন সেন্স মিডিয়া’ এ নিয়ে গবেষণা করেছে। এতে গবেষকরা দেখেছেন, দুবছর বা এর চেয়ে কম বয়সী শতকরা ৩৮ ভাগ শিশু গেইম খেলতে, ভিডিও দেখতে বা অন্যান্য মিডিয়া সম্পর্কিত উদ্দেশ্যে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে। ২০১১ সালে ১০ ভাগ শিশু বিনোদনের জন্য আধুনিক এ ডিভাইসগুলো ব্যবহার করত।
একই সঙ্গে তারা দেখেছেন আট বছর বয়সী ৭২ ভাগ শিশু ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহার করে। এ দৃশ্যকে ব্যাখ্যা করেছেন কমন সেন্স মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিম স্টেয়ার।
স্টেয়ার ম্যাশএবলকে জানান, এ ডিভাইসগুলো শিশুদের জন্য শিক্ষামূলক উপকরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। অন্যথায় এসব নিয়ে সারাদিন ব্যস্ত থাকলে শিশুদের উপকারের চেয়ে ক্ষতিই হবে বেশি।
গত দুবছরে শিশুদের টেলিভিশন দেখার হার অপরিবর্তিত রয়েছে। দুবছর বয়সী ৬৬ ভাগ শিশু টেলিভিশন দেখে।
আট বছর পর্যন্ত বয়সী শিশুরা গড়ে ১৫ মিনিট করে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে। ২০১১ সালের চেয়ে এখন শিশুরা এ জন্য গড়ে পাঁচ মিনিট করে বেশি সময় ব্যয় করে।
