২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ অক্টোবর পর্যন্ত আইসিপিসি রেজিস্ট্রেশন

এসিএম ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)-এর আঞ্চলিক প্রতিযোগিতা ২৯ ও ৩০ নভেম্বর আয়োজিত হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। বিশ্ববিদ্যালয়টি এ নিয়ে ১১ বার প্রতিযোগিতাটির আঞ্চলিক বাছাইপর্বের আয়োজক হচ্ছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 05:44 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

সংবাদ বিজ্ঞপ্তিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির আয়োজকরা জানিয়েছে, আঞ্চলিক বাছাইপর্বে বিজয়ী প্রতিযোগিরা আগামী ২২-২৬ জুন,২০১৪ তারিখে রাশিয়ার একাটেরিনবার্গের ইউরাল ফেডারেল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এসিএম-আইসিপিসি ঢাকা আঞ্চলিক সাইটটি আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার ১৩টি সাইটের মধ্যে অন্যতম। সারা বিশ্বের অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই প্রোগ্রামিং প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।

এতে চার সদস্যবিশিষ্ট প্রতিটি দলে থাকে একই বিশ্ববিদ্যালয়ের তিনজন প্রোগ্রামার (যার অন্তত দুজন স্নাতক শ্রেণীর শিক্ষার্থী) এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, যিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

আগ্রহী দলগুলো ৩১ অক্টোবর,২০১৩ তারিখের মধ্যে কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই অনলাইনে, http://icpc.baylor.edu/ ওয়েবসাইটটির মাধ্যমে প্রিলিমিনারি রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে।

রেজিস্ট্রেশনকৃত দলগুলোকে ১৬ নভেম্বর, ২০১৩ তারিখে অনলাইন প্রিলিমিনারি রাউন্ডে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। শুধু অনলাইন প্রিলিমিনারি রাউন্ড থেকে নির্বাচিত দলগুলো ২৯ -৩০ নভেম্বর, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য আঞ্চলিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করতে পারবে।