২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ মেসেজিংয়ের জন্য টেলিগ্রাম

রাশিয়ার বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ভিকের প্রতিষ্ঠাতারা টেলিগ্রাম নামের নিরাপদ মেসেজিং অ্যাপ তৈরি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 06:36 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপটি দ্রুতগতি, নিরাপত্তা এবং গোপন আলাপচারিতার সেবা দেয়।

টেলিগ্রামের ব্যবহারকারীরা সাধারণ ও নিরাপদ-- দুধরনের চ্যাটিংই করতে পারবেন। নিরাপদ চ্যাটিংয়ে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ও মেসেজ স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে এমন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এতে চ্যাটিংয়ের কথোপকথন সার্ভারের বদলে ব্যবহারকারীদের ডিভাইসেই থাকবে।

ভিকের প্রতিষ্ঠাতা নিকোলাই এবং পাভেল ডুরভ জানিয়েছেন, ১৮ মাস আগে তারা এ প্রকল্পের কাজ শুরু করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির বিষয়টি ফাঁস হলে তারা এর গুরুত্ব অনুভব করেন। অবশ্য ডুরভ ভাতৃদ্বয়ও রাশিয়া সরকারের নজরদারিতে রয়েছেন।

ব্যবহারকারীদের আস্থা অর্জনে নির্মাতারা টেলিগ্রামকে বাণিজ্যমুক্ত রেখেছেন। তারা জানিয়েছেন, অ্যাপটি প্রতিদিন দুই হাজার বার ডাউনলোড হচ্ছে। শুধু মধ্যপ্রাচ্যেই অ্যাপটি প্রায় লাখখানেক বার ডাউনলোড হয়েছে।

পাভেল ডুরভ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তারাও অনেক মানুষের মতো উদ্বিগ্ন এবং সমস্যা সমাধানের উপায় খুঁজছেন।