৭৫ হাজার ডলারে নভোযাত্রা
ওয়ার্ল্ড ভিউ নামে এক স্টার্টআপ প্রতিষ্ঠানের বেলুনে চড়ে ভূপৃষ্ঠ থেকে ১৮ মাইল উচ্চতায় মহাকাশের কাছ থেকে ঘুরে আসতে খরচ হবে ৭৫ হাজার ডলার।
এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, এ প্রকল্পে বিশালাকৃতির হিলিয়াম বেলুনে একটি ক্যাপসুল যুক্ত করা হবে।
এ ভ্রমণ চালুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিউ। ক্যাপসুলে চালকসহ আটজন ভ্রমণ করতে পারবেন। এ টিমে দুজন চালক আরোহীদের সঙ্গে থাকবেন।
বিশেষ এ যানে করে আরোহীদের মহাশূন্যের কাছে দুঘণ্টা ভ্রমণ করানো হবে। আরেহীরা তখন মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে পারবেন।
এ ভ্রমণ শুরু করতে প্যারাগন স্পেস ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছে স্টার্ট আপ প্রতিষ্ঠানটি।
আগামী বছর পরীক্ষামূলক এ যাত্রা শুরু হতে পারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্যারাগন স্পেস ডেভেলপমেন্টের সঙ্গে তারা কাজ শুরু করেছেন।
