অপ্রত্যাশিত মুনাফা মাইক্রোসফটের
সর্বশেষ প্রান্তিকের আর্থিক বিবরণ প্রকাশ করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গত বছরের একই প্রান্তিকের চেয়ে শতকরা ১৭ ভাগ মুনাফা বেড়েছে প্রতিষ্ঠানটির।
এক প্রতিবেদন সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, মাইক্রোসফটের তালিকায় নতুন পণ্য য্ক্তু হওয়ার পাশাপাশি জনপ্রিয়তা বেড়েছে সারফেস ট্যাবলেট কম্পিউটার ডিভাইসের।
আগামী প্রান্তিকে মাইক্রোসফটের পণ্য তালিকায় আরও কয়েকটি পণ্য ও সেবা যুক্ত হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার।
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বলমার জানিয়েছেন, ২০১৪ সালের আগেই তিনি মাইক্রোসফট থেকে বিদায় নেবেন।
কোম্পানির পণ্য ও সেবার তালিকায় ইতোমধ্যে যুক্ত হয়েছে নতুন প্রতিষ্ঠানের মালিকানা। ফিনিশ মোবাইল ফোন নির্মাতা নোকিয়ার মালিকানা এখন মাইক্রোসফটের। এছাড়া চলতি প্রান্তিকেই উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের আপডেট এনেছে মাইক্রোসফট।
কোম্পানির ইতিবাচক খবরে বাজার ও বিনিয়োগকারীদের মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে শেয়ারের দরও বেড়েছে শতকরা ছয় ভাগ।
এদিকে মাইক্রোসফটের প্রথম ট্যাবলেট কম্পিউটার সারফেস ডিভাইস বিক্রি ক্রমেই বাড়ছে। তবে, শেষ প্রান্তিক পর্যন্ত মোট কত ইউনিট সারফেস ট্যাবলেট কম্পিউটার বিক্রি হয়েছে তা জানায়নি মাইক্রোসফট।
গত প্রান্তিক শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদনে মাইক্রোসফট জানিয়েছে, সারফেস ট্যাবলেট বিক্রি থেকে ৪০ কোটি ডলার আয় হয়েছে প্রতিষ্ঠানটির।
