মাল্টিটাস্কিংয়ে নারী সেরা
যুক্তরাজ্যের গবেষকদের এক গবেষণায় এবার প্রমাণিত হল মাল্টিটাস্কিংয়ে বা একসঙ্গে অনেক কাজ করতে নারীরা পুরুষের চেয়ে পারদর্শী।
সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি নারীরা পুরুষের তুলনায় দ্রুত এবং সুন্দরভাবে কাজ করতে পারে বলে এক তথ্যে জানিয়েছেন যুক্তরাজ্যের মনোবিজ্ঞানীরা।
এ গবেষণার জন্য বিজ্ঞানীরা ১২০ জন নারী ও সমান সংখ্যক পুরুষকে বিভিন্ন কাজ সমাধান করতে দিয়ে তাদের তুলনা করেন।
বিএমসি সাইকোলজি জার্নালে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, অনেক কাজ একসঙ্গে করার সময় নারী-পুরুষ উভয়েই সমস্যায় পড়ে। কিন্তু এ ধরনের কাজে নারীদের তুলনায় পুরুষদের বেশি সমস্যায় পড়তে দেখা যায়।
গবেষণাপত্রের সহরচয়িতা ইউনিভার্সিটি অফ গ্লাসগোর ড. গিজবার্ট স্টোয়েট বলেছেন, “এখন অফিসে অনেক কাজ একসঙ্গে করা জরুরি হয়ে পড়েছে। কিন্তু তা পাশাপাশি আমাদের কাজের জন্য বাধাও তৈরি করতে পারে।”
