বিজ্ঞাপন আসছে ইন্সটাগ্রামে
খুব শীঘ্রই ফটো, ভিডিও শেয়ারিং ও সোশাল নেটওয়ার্কিং সাইট ইন্সটাগ্রামে নতুন বিজ্ঞাপন দেখতে পাবেন ব্যবহারকারীরা।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখতে পাবেন।
নতুন বিজ্ঞাপন দেখতে সাধারণ একটি পোস্টের মতো হলেও বিভিন্ন নামি ব্র্যান্ড বিজ্ঞাপন স্পন্সর করেছে বলে জানিয়েছে ইন্সটাগ্রাম।
বিজ্ঞাপন সম্পর্কে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম বিজ্ঞাপন স্পন্সর করেছেন ইন্সটাগ্রাম ব্যবহারকারী বেশকিছু নামি কোম্পানি। এদের মধ্যে আছে অ্যাডিডাস, বেন অ্যান্ড জেরি’স, বারবারি, জেনারেল ইলেকট্রিক, লিভাই’স, লেক্সাস, ম্যাকিস, পেপাল এবং স্টারউড হোটেলস।
অক্টোবর মাসের শুরুতেই বিজ্ঞাপন প্রচারের বিষয়ে ঘোষণা দিয়েছিল ইন্সটাগ্রাম। কোম্পানিটি জানায়, “আমরা সৃজনশীল বিজ্ঞাপন চাই, যা অন্যকে আকৃষ্ট করবে। যেসব পণ্য ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয়, সেসব পণ্যনির্মাতাদের কাছ থেকেই বিজ্ঞাপন আশা করছি আমরা।”
বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীরা সাইটটিতে কাজ করার সময়ই দেখতে পাবেন। তবে কোনো বিজ্ঞাপন পছন্দ না হলে তা বন্ধ করতে পারবেন ব্যবহারকারী।
প্রায় ১৫ কোটি লোক এখন ইন্সটাগ্রাম ব্যবহার করছেন। ফেইসবুক সাইটির মালিকানা নেওয়ার পর এর ব্যবহারকারীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে।
