সুপার মারিওর এইচটিএমএল ৫ গেইম অবৈধ
গেইমিং পণ্যসামগ্রী নির্মাতা ও প্রকাশক নিনটেন্ডোর সুপার মারিও ব্রাদার্স গেইমটির নতুন করে তৈরি করা ব্রাউজারভিত্তিক সংস্করণ নিনটেন্ডোর কপিরাইট আইনজীবীদের তোপের মুখে পড়েছে।
সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, কলেজছাত্র যশ গোল্ডবার্গ গেইমটিকে এইচটিএমএল ৫-এ ফুল স্ক্রিনে চালানোর উপযোগী করে তৈরি করেছিলেন। এতে গেইম কনসোলের বদলে যে কোনো ওয়েব ব্রাউজার দিয়ে এটি খেলা যায়।
নিনটেন্ডো মেধাস্বত্ব লঙ্ঘনের দায়ে নির্মাতাকে এর বিষয়বস্তুর পরিবর্তন করতে বলেছে। তবে গেইমটি এখনও খেলা যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
গোল্ডবার্গ নতুন করে গেইমটি তৈরিতে নিনটেন্ডোর অনুমতি না নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। “আমি এই প্রজেক্টি ২০১২ সালের অক্টোবরে পরীক্ষামূলক কম্পিউটার প্রোগ্রামিংয়ের অংশ হিসেবে শুরু করেছিলাম। আমার তখন মনে হয়নি এটা বিশাল কিছু হয়ে উঠবে। ফলে আমি কপিরাইট বিষয়ে মাথা ঘামাইনি।” বলেছেন গোল্ডবার্গ।
তবে বোয়িং বোয়িং ব্লগে ওই সাইটটি নিয়ে আলোচনা হওয়ার পর সাইটটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে। গোল্ডবার্গ বলেছেন সাইটটি এখন প্রতিদিন প্রায় তিন লাখ ভিজিটর পাচ্ছে। এই জনপ্রিয়তার স্রোতই বুমেরাং হয়েছে গোল্ডবার্গের জন্য। নিনটেন্ডোর নজর পরেছে সাইটটিতে।
