সাজাপ্রাপ্ত হ্যাকারদের নিয়োগ দেবে যুক্তরাজ্য
হ্যাকিংয়ের দায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের যুক্তরাজ্যের সাইবার প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ করা হতে পারে বলে জানিয়েছেন ইউনিটটির নতুন প্রধান লেফটেন্যান্ট কর্নেল মাইকেল হোয়াইট।
সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, তারা আবেদনকারীদের ‘ব্যক্তিত্বের তুলনায় যোগ্যতাকে’ বেশি গুরুত্ব দেবে বলে জানিয়েছেন হোয়াইট।
অপরাধজগতের সঙ্গে জড়িত কেউ এই সুবিধা পাবে কি না, এমন প্রশ্নের উত্তরে হোয়াইট বলেছেন, “তারা যদি আমাদের পদ্ধতি সম্পর্কে বুঝতে পারে, আর তাদের যোগ্যতা আমাদের যদি পছন্দ হয়, তাহলে কেন নয়?”
যুক্তরাজ্য সরকার সেপ্টেম্বর মাসে জয়েন্ট সার্ভার রিজার্ভ ইউনিটটি ঘোষণা করেছে। ৫০ কোটি পাউন্ড ব্যয়ের প্রকল্পটিতে শতাধিক হ্যাকিংয়ে অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। আশা করা হচ্ছে এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থা ও সামরিক সেবায় সাইবার আক্রান্তের হার অনেকাংশে কমিয়ে আনা যাবে।
