পেটেন্ট যুদ্ধে স্যামসাংয়ের সাদা পতাকা
মোবাইল ডিভাইসের পেটেন্ট নিয়ে ইলেক্ট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে আইনি লড়াই করছে শীর্ষস্থানীয় বেশকিছু প্রযুক্তিপণ্য নির্মাতা। এ আইনি লড়াই অবসানে নতুন প্রস্তাব এনেছে স্যামসাং।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, স্যামসাং পেটেন্ট নিয়ে মামলায় আর এগুতে চায় না। এ জন্য আগামী পাঁচ বছর কোনো প্রতিদ্ব›দ্বী প্রতিষ্ঠানের নামে মামলা না করার প্রস্তাব দিয়েছে স্যামসাং।
বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে বছরব্যাপী চলে মামলা ও পাল্টা মামলা। এ নিয়ে এখনও ইউরোপের ১০টি দেশে মামলা চলমান।
ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছে, ঘটনাটি শিল্প প্রতিষ্ঠানে স্বচ্ছতা তৈরি করতে সহায়ক হবে।
এদিকে স্যামসাং জানিয়েছে, বিবাদমান বিষয়গুলো নিষ্পত্তির পর গুরুত্বপূর্ণ কিছু পেটেন্ট নিয়ে আর মামলায় জড়াতে চায় না স্যামসাং।
সম্প্রতি স্যামসাং মোবাইল প্রযুক্তির কিছু সুনির্দিষ্ট বিষয়ের উপর আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়েছে। এ জন্য সুনির্দিষ্ট কিছু পেটেন্ট নিয়ে স্যামসাং কারও বিরুদ্ধে আগামী পাঁচ বছর মামলা করবে না বলেও প্রস্তাব দিয়েছে।
উল্লেখ্য, স্যামসাংকে গত এক বছরে ১ হাজার ৮৩০ কোটি ডলার জরিমানা গুনতে হয়েছে পেটেন্টের অ্যান্টিট্রাস্ট সম্পর্কিত মামলায়।
ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোয়াকুইন আলমুনিয়া জানান, প্রযুক্তিপণ্যে পেটেন্ট সম্পর্কিত আদালতের নিষেধাজ্ঞা আইনত বৈধ। পেটেন্ট ব্যবসার জন্য প্রয়োজনীয় হলেও এর অপব্যবহারে আইনি আশ্রয়ের সুযোগ রয়েছে।
