দেওয়ালভেদ করতে পারবে কাইনেক্ট
নতুন প্রযুক্তিতে ঘরের দেওয়াল আর আটকাতে পারবে না সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের গেইমিং কনসোল এক্সবক্স ৩৬০-এর ট্র্যাকিং ডিভাইস ‘কাইনেক্ট’-কে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলোজির (এমআইটি) গবেষকরা এ গবেষণাটি করছেন। রেডিও তরঙ্গের মাধ্যমে পাশের ঘরের ব্যক্তির অবস্থানও নিশ্চিত করতে পারবে ‘কাইনেক্ট অফ দ্য ফিউচার’ নামে প্রযুক্তিটি।
এখন পর্যন্ত ডিভাইসটির ব্যবহার সীমাবদ্ধ। এটি অনেক জায়গাজুড়ে শুধু একজন মানুষের নড়াচড়া পর্যবেক্ষণ করতে পারে। তবে অনেকের ভিড়ে এটি নির্দিষ্ট ব্যক্তিকে চিনতে পারে না। আর এ প্রযুক্তিতে কোনো ব্যক্তির অবস্থানের মাত্র ১০ সেন্টিমিটার কমবেশি হতে পারে বলে জানিয়েছে ম্যাশএবল।
দেওয়ালের ভেতর দিয়ে কাজ করা ছাড়াও এর নতুন সুবিধা হল এর ব্যবহারে কোনো ট্রান্সমিটারের প্রয়োজন হবে না। ওয়াইফাইয়ের পরিবর্তে রেডিও ওয়েভের উপর ভিত্তি করে কাজ করবে এটি।
এছাড়া, ডিভাইসটি খেলার সময় কারও ঘরে প্রবেশের পর আলো জ্বালানো বা বন্ধ করার কাজেও ব্যবহৃত হতে পারে।
এমআইটি গবেষকেরা প্রযুক্তিটির জন্য একটি পেটেন্ট আবেদন করেছেন।
