নুতন রূপে সোলার প্যানেল
সূর্যের আলো থেকে আরও বেশি সৌরশক্তি গ্রহণ করতে সোলার প্যানেলে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি। পরীক্ষামূলক তৈরি সোলার প্যানেলে একশ’ ন্যানোমিটার চওড়া লেগোর মতো পৃষ্ঠ ব্যবহার করা হয়েছে।
এক প্রতিবেদনে পরিবেশ ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আর্থ টেকলিং জানিয়েছে, গ্যালিয়াম আর্সেনাইডের পাতলা ফিল্ম প্যানেল ব্যবহার করে তৈরি হয়েছে নতুন সোলার প্যানেল।
গবেষকরা ছোট ছোট সিলিন্ডারের মতো পৃষ্ঠযুক্ত প্যানেল তৈরি করেছেন। গতানুগতিক সোলার প্যানেলের চেয়ে এর কার্যকারিতা বেশি। নতুন যন্ত্রাংশ সংযোজনে আলো থেকে আগের তুলনায় শতকরা ২২ ভাগ বেশি শক্তি সংগ্রহ করা যাবে।
এ নিয়ে গবেষণা করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং ওই প্রকল্পের প্রধান গবেষক নিকোলাস হিলটন। তিনি জানান, স্বর্ণ ও সিলভার উভয়ের মধ্য দিয়ে শক্তিশালী আলোক রশ্মি প্রবাহিত হতে পারে।
গবেষণায় দেখা গেছে অ্যালুমিনিয়ামের পাতলা ফিল্ম প্যানেলের মাধ্যমে বেশ ভালো কাজ করে। এছাড়া এ প্রযুক্তি ব্যবহারে প্যানেলের ব্যয় কমে আসায় ভবিষ্যতে সোলার প্যানেল স্থাপনে খরচ কমে আসবে।
