২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টওয়াচ আনছে অ্যাডিডাস

টাচস্ক্রিন এবং হৃৎস্পন্দন নির্ণয় করার প্রযুক্তিসমৃদ্ধ স্মার্টওয়াচ আনছে খেলাধুলার বিভিন্ন পণ্যনির্মাতা অ্যাডিডাস। মাইকোচ স্মার্ট রান নামের স্মার্টওয়াচটি ব্যবহারকারীর হৃৎস্পন্দন বিশ্লেষণ করতে পারবে এবং সে তথ্য অনুযায়ী ব্যবহারকারি কতটুকু পরিশ্রম করতে পারবে তা জানাবে। এ স্মার্টওয়াচটি প্রধানত অ্যাথলেটদের ব্যবহারের উদ্দেশে তৈরি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 04:24 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত গিগাওম সম্মেলনে অ্যাডিডাস নতুন এ পণ্যটি আনার ঘোষণা দিয়েছে।

অ্যাডিডাস জানিয়েছে, স্মার্টওয়াচটি অ্যাথলেটদের ফিটনেস ঠিক রাখার লক্ষ্যে কোচিং প্রোগ্রাম তৈরি করতে সাহায্য করবে। বিভিন্ন সময়ে স্মার্টওয়াচটি ব্যবহারকারীকে অ্যানিমেটেড গ্রাফিক্স, ভায়াব্রেশন এবং অডিওর মাধ্যমে অনুশীলনসংক্রান্ত বিভিন্ন নির্দেশ জানাতে পারবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এতে বিল্ট-ইন হার্ট মনিটরের পাশাপাশি জিপিএস লোকেশন চিপ রয়েছে। তবে যন্ত্রটিতে তৃতীয় পক্ষের কোনো অ্যাপ চলবে না। এর ব্লটুথ সংযোগ ব্যবহারের মাধ্যমে এমপিথ্রি গান শোনা যাবে। ট্রেইনিং মোডে ব্যাটারি চার ঘণ্টা ও সব সেন্সর বন্ধ থাকলে ১৪ ঘণ্টা স্মার্টওয়াচটিকে সচল রাখবে, এমনটাই জানিয়েছে বিবিসি।

স্মার্টওয়াচটির দাম যুক্তরাষ্ট্রে ৩৯৯ ডলার এবং যুক্তরাজ্যে ৩৫০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।